চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ আদায়ে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের না জানিয়ে পাঁচ শিশু গ্রামের পাশের নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
স্থানীয়ভাবে নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বছরের বেশির ভাগ সময় নদীটিতে পানি কম থাকলেও বর্ষা মৌসুম এবং পদ্মার পানি বেড়ে গেলে নদীটি পানিতে ভরে ওঠে। পানি না থাকলে নদীর তলদেশ ও আশপাশের জমিতে ফসলও চাষ করা হয়।
সাম্প্রতিক বৃষ্টি ও পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীটিতে বর্তমানে পানি বেড়েছে। শুক্রবার দুপুরে ওই পাঁচ শিশু সেখানে গোসল করতে নেমেছিল। পরে তারা পানিতে তলিয়ে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে আশপাশের লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হাসান স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একসঙ্গে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুতে চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত