শেরপুরের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস ও ৩টি জীবিত ঘোড়া জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি এলাকা থেকে এসব মাংস জব্দ করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলহারি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে আসছে। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় সচেতন নাগরিকরা তিনটি জবাই করা ঘোড়ার মাংস ও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনা ও আলামত জব্দ করে।
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর তারা রাতেই ঘটনাস্থলে যান এবং ঘোড়ার মাংসের আলামত জব্দ করেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে যান।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, "ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"
মতামত