বিএনপির সংসদীয় দলের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচার মোকাবিলাসহ তিনটি বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিশেষভাবে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, চিফ হুইপ, হুইপ ও দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দলের ভেতরে যাতে কোনো বিরোধ বা বিভাজন তৈরি না হয়, সে বিষয়ে মন্ত্রী-এমপিদের সতর্ক করেন তিনি।
সূত্র জানায়, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, তাই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা না করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো এমপি ব্যক্তিগত পছন্দে প্রার্থী সমর্থন করতে চাইলে সেটি স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করেই করতে হবে। এতে তৃণমূলে ক্ষোভ, বিভ্রান্তি বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এড়ানো সম্ভব হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করার জন্য সংসদ সদস্যদের নির্দেশ দেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কথা বলেন তিনি।
বৈঠকে বিএনপির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়েও আলোচনা হয়। এ উপলক্ষে দলের সব মন্ত্রী ও সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার, অপপ্রচার ও প্রোপাগান্ডা মোকাবিলায় মন্ত্রী-এমপিদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে সরকার ও মন্ত্রীরা যে ব্যাখ্যা দিয়েছেন, সেগুলোর সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারসংকটের বিষয়ে জনগণকে প্রকৃত পরিস্থিতি জানাতে দলীয় সংসদ সদস্যদের ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে আরও জানানো হয়, সারসংকট নিরসনে আগামী দু-এক দিনের মধ্যে নতুন ডিলার নিয়োগ দেওয়া হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাজ চলমান রয়েছে এবং সার সরবরাহ ও বিতরণব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
সরকারের বিভিন্ন উদ্যোগ ও বাস্তব পরিস্থিতি নিয়ে যাতে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মতামত