জয়পুরহাটের কালাইয়ে কৃষকের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে সৌরবিদ্যুৎচালিত ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ চালু করা হয়েছে। এর ফলে মৌসুমে উৎপাদন বেশি হলে পণ্য সংরক্ষণ করে পরবর্তী সময়ে সুবিধাজনক দামে বাজারজাত করার সুযোগ পাবেন স্থানীয় কৃষকরা।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কালাই হাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ‘হাইব্রিড সোলার অপারেটেড’ ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর এখন লক্ষ্য সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা আধুনিক করা। সোলারভিত্তিক নিয়ন্ত্রিত এই মিনি কোল্ড স্টোরেজ কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। কৃষকের আয় বৃদ্ধি, ফসলের অপচয় কমানো এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি আও বলেন, মৌসুমি সবজি ও ফলের ন্যায্য দাম না পেয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মৌসুমে অতিরিক্ত উৎপাদন হলে বাজারে দাম পড়ে যায়। তখন কৃষকরা অনেক সময় লোকসানে ফসল বিক্রি করতে বাধ্য হন। মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকরা পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন। এতে কৃষকের পাশাপাশি ভোক্তারাও উপকৃত হবেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক সময় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। বিশেষ করে পচনশীল শাকসবজি সময়মতো বিক্রি করতে না পারায় অনেক পণ্য নষ্ট হয়ে যায় কিংবা ফেলে দিতে হয়।
ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন। এতে কৃষিপণ্যের অপচয় কমার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।
কৃষকদের উৎপাদিত পণ্যের সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে সরকার ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় ১৫ থেকে ২০ জন কৃষক মিলে এই মিনি কোল্ড স্টোরেজ পরিচালনা করবেন।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ বলেন, ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ বর্তমান সরকারের একটি প্রণোদনা কার্যক্রমের অংশ। এর প্রধান উদ্দেশ্য হলো কৃষকরা যাতে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করা। কৃষকরা পণ্যভেদে দুই দিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এখানে শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করতে পারবেন। পরে সুবিধাজনক সময়ে বিক্রি করে তারা ন্যায্যমূল্য পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মতামত