জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকমুক্ত, নিরাপদ ও বসবাসযোগ্য পুনট ইউনিয়ন বিনির্মাণের লক্ষ্যে গণস্বাক্ষর অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পুনট হাট চত্বরে বেসরকারি সংস্থা ‘আর্থ রুট সোসাইটি’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আর্থ রুট সোসাইটির সহ-সভাপতি সেকেন্দার আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব এস এম মেরিন, সহ-সভাপতি চৌধুরী রোমানা, নান্দাইল দীঘি কলেজের সহকারী শিক্ষক আতাউর রহমান দুলাল, পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার সফির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুনট ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হলে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিস্তার রোধের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পরে পুনট ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার দাবিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মতামত