হবিগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলাহানি গ্রামের আব্দুল হাসেমের ছেলে ফায়জুল আহমদ (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. খলিল মিয়া (২৮)।
র্যাব-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে হবিগঞ্জ সদর থানার জেলখানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে,'মামুন’ নামের একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন ব্যক্তি মাদক নিয়ে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছেন।
এরপর রাত ৯টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। এ সময় বাসটিকে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
র্যাব জানায়,জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা নীল ও কালো রঙের দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা র্যাবকে জানিয়েছেন,তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের ও জব্দ করা মাদকদ্রব্য হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মতামত