জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলমুক্ত হয়েছে। বাড়িটি দখল করে রাখার অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বাড়ি থেকে তাঁর মালামাল সরিয়ে নিয়েছেন।
আজ মঙ্গলবার আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়নের বাসিন্দা ইউ এম মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার বিভিন্ন অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।
দলীয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান বেলাল হোসেনের বাড়িটি দখল করেন। পরে গত ২১ জুলাই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তাঁকে সাত দিনের সময় বেঁধে দেয় রায়কালী ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িটি ছাড়েননি। এরপর বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এরপর গত রোববার রাতে মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে আক্কেলপুর উপজেলা বিএনপি। গতকাল সোমবার তাঁর বহিষ্কারের বিষয়টি এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। এরপর মিজানুর রহমান বাড়ি থেকে তাঁর মালামাল সরিয়ে নেন। এতে বাড়িটি দখলমুক্ত হয়।
ইউ এম মোশাররফ হোসেন বলেন, ‘অন্যের বাড়ি দখল করে রাখার অভিযোগে মিজানুর রহমানকে বাড়িটি ছেড়ে দিতে বলা হয়েছিল। ইউনিয়ন বিএনপি তাঁকে সাত দিনের সময় দিয়েছিল। তিনি সময়ের মধ্যে বাড়ি ছাড়েননি। পরে উপজেলা বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করে। এরপর তিনি বাড়ি থেকে মালামাল সরিয়ে নিয়েছেন।’
বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আজ মঙ্গলবার সকালে বলেন, ‘বাড়ি দখল করে রাখার পর আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। এখন মিজানুর রহমান মালামাল সরিয়ে নেওয়ায় বাড়িটি দখলমুক্ত হয়েছে। আমি বাড়িতে এসেছি। মিজানুর রহমানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।
তবে মিজানুর রহমান বাবু বলেন, ‘আমি বাড়ি থেকে চলে এসেছি। বহিষ্কারাদেশ পাইনি। তবে এলাকায় মাইকিং করে বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়েছে, তা শুনেছি।’
মতামত