সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ খরচ কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সরকারি ভবনগুলোর ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সংশ্লিষ্ট বিভাগগুলোর দুটি পৃথক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানান।
তিনি বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ের সরকারি কার্যালয় নয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোতেও ধাপে ধাপে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিধি বাড়ানো হবে। এর মাধ্যমে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
সোলার প্যানেল স্থাপনে নেট মিটারিং ও হাইব্রিড প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এতে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। আবার সন্ধ্যার পরও সংরক্ষিত সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকবে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টিও সরকার বিবেচনা করছে।
এ উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি খাতের কারিগরি সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি প্রয়োজন হলে সমঝোতা স্মারক সই করা হবে।
সভায় জানানো হয়, ইতোমধ্যে সরকারি ভবনগুলোর মধ্যে যেসব ছাদে সোলার প্যানেল বসানো সম্ভব, সেগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ছাদের আয়তন, সম্ভাব্য ব্যয় ও বাস্তবায়নের প্রতিবন্ধকতাও পর্যালোচনা করেছে সংশ্লিষ্ট কমিটিগুলো।
সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশনা দিয়েছে, তার ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত