ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা-পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার এএসআই শফিকুল ইসলাম (৪৩) ও তাঁর সহযোগী ওয়াসিমকে (২৪) গত রোববার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযানে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা।
পরবর্তীতে দুজনের দেওয়া তথ্য অনুযায়ী বিসমিল্লাহ পল্লীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দক্ষিণখান থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শফিকুল ইসলাম গত জুলাইয়ে ওই থানায় বদলি হয়ে আসেন। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
মতামত