জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কবি নজরুলের মেধা ও নেতৃত্বের তুলনা করেছেন। সোমবার (২৪ আগস্ট ২০২৬) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, কবি নজরুল তাঁর সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে বেঁচে আছেন। একইভাবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন, শিল্প ও তরুণদের কর্মসংস্থানে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি মন্তব্য করেন, "আমাদেরও একজন নজরুল আছেন... আমাদের নজরুল হলেন তারেক রহমান।"
সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় ইরান-আমেরিকা যুদ্ধ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট তৈরি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এত চাপের পরও প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়াননি। কৃত্রিম সংকট তৈরিকারীদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধান হুইপ প্রশ্ন তোলেন, বিদ্যুৎ ভোগান্তিতে তারেক রহমানের কোনো লাভ নেই। কিছু দল ও আন্দোলনকারীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, "সামনে হারিকেন নিয়ে বসে আন্দোলনের পেছনে ফ্যান ঘোরাণো"—এমন দ্বৈত মানদণ্ড পরিহার করা উচিত।
সরকারকে সব সমস্যার সমাধানের জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই নেতৃত্বের পেছনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতামত