আগামীতে স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা সরকারের বিভিন্ন কার্যক্রম ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
সারজিস আলম অভিযোগ করেন, বর্তমান সরকারের গত ছয় মাসের কার্যক্রমে আগের সরকারের ‘ফ্যাসিবাদ’ পুনর্বাসনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী মাস থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার দাবি জানান তিনি।
তিনি বলেন, বর্তমান বাজারদরে সরকারি চাকরিজীবীদের বিদ্যমান বেতন দিয়ে মাসের অর্ধেক সময়ও চলা কঠিন। অথচ নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার কালক্ষেপণ করছে।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, দেশটিতে কর্মসংস্থানের ক্ষেত্রে আবারও একটি সিন্ডিকেট সক্রিয় হয়েছে এবং এর সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ায় থাকা প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগও তুলে ধরেন তিনি।
চট্টগ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারজিস বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী হলেও নগরীর স্বাস্থ্যসেবা ও সড়কব্যবস্থার দুরবস্থার কারণে সামান্য চিকিৎসার জন্যও অনেককে ঢাকামুখী হতে হয়। বর্ষা এলেই সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু হলেও মৌসুম শেষ হলে সেগুলো আর গুরুত্ব পায় না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত