চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের উখিয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চারটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম শাখার একটি দল। পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ,পিপিএমের নির্দেশনায় উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
৮ এপিবিএন সূত্রে জানা যায়,সাইবার ক্রাইম শাখায় কর্মরত এএসআই পাবেলের নেতৃত্বে সাইবার টিম তথ্যপ্রযুক্তির বিভিন্ন কৌশল ব্যবহার করে হারিয়ে যাওয়া চারটি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে। উদ্ধার করা ফোনগুলোর মধ্যে রয়েছে Lenovo K13,Symphony Innova 20, Redmi 14C এবং Samsung S24।
সাইবার ক্রাইম শাখায় কর্মরত এএসআই পাবেল বলেন,হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। হারানো মোবাইল ফিরে পাওয়ার ক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উদ্ধার করা মোবাইল ফোনগুলো হস্তান্তরের সময় প্রকৃত মালিকরা হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা ৮ এপিবিএন ও বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
৮ এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে,অপরাধ দমন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো ও চুরি যাওয়া মোবাইলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য উদঘাটনে সাইবার ক্রাইম শাখার কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত