বাংলাদেশের বর্তমান ‘জুলাই-জুন’ অর্থবছরের সময়সীমা পরিবর্তন করে ‘এপ্রিল-মার্চ’ করার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মপন্থা ও কৌশল নির্ধারণ করতে সরকার ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদ বিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।
আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ‘এপ্রিল-মার্চ’ সময়সীমা পুরোপুরি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পরিবর্তনটি সহজে বাস্তবায়নের জন্য ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের একটি অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে ধরা হবে (জুলাই থেকে শুরু হয়ে মার্চে শেষ)।
কমিটির কাজের পরিধি: কমিটি অর্থবছরের সময়সীমা বদলাতে সংবিধান ও ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় দরকারি সংস্কারের কর্মপন্থা নির্ধারণ করবে।
বিদ্যমান ‘জুলাই-জুন’ অর্থবছরে দেশের অবকাঠামো উন্নয়নকাজের একটি বড় অংশ জুলাই ও আগস্ট মাসে গড়ায়। এ সময় তীব্র বর্ষার কারণে সড়ক ও অবকাঠামো নির্মাণ ব্যাহত হয়, কাজের গুণগত মান নষ্ট হয় এবং জনভোগান্তি বাড়ে।
অর্থবছর 'এপ্রিল-মার্চ' করা হলে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বড় বড় উন্নয়ন প্রকল্পের সিংহভাগ কাজ নিরাপদে ও নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হবে।
মতামত