সদ্য অবসরে যাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এ দায়িত্ব পালন করবেন তিনি।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যোগদানের দিন থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-পরবর্তী ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক না রাখার শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
মো. আবদুর রহমান খান ২০২৪ সালের আগস্টে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব নেন। চলতি বছরের জুনে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ শেষ হওয়ায় তিনি অবসরে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি আইসিএমএবি থেকে পেশাগত ডিগ্রি অর্জন করেন এবং এফসিএমএ সনদ পান। তিনি বিসিএস (কর) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।
মতামত