সিলেটের জৈন্তাপুর ও নগরীর পৃথক তিনটি স্থান থেকে এক দিনে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপর দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশ থেকে এক ব্যক্তির,দক্ষিণ সুরমায় রেলওয়ে স্টেশন এলাকার গাড়ি পার্কিংয়ের পাশে একটি আইল্যান্ড থেকে এক ব্যক্তির এবং নগরীর কাজলশাহ মসজিদসংলগ্ন সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকার একটি আইল্যান্ডের ওপর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর কাছে কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে,দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে,কলেজ এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,নজরুল ইসলাম ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ফেরি করার সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে,রবিবার বিকেল পৌনে ৩টার দিকে সিলেট নগরীর কাজলশাহ মসজিদসংলগ্ন সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়,সড়কের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান,ওই নারীর নাম-পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে,মরদেহগুলোর মধ্যে অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।
মতামত