দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় মনো (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়া মোল্লাপাড়া গ্রামের একটি বসতবাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তাঁর লোকজনের সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে সেখানে উপস্থিত হন শিক্ষক মনোরঞ্জন রায়।
এ সময় আসাদুজ্জামান ও তাঁর সঙ্গে থাকা লোকজন শিক্ষকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। তাঁরা সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তিনি পাশের একটি ধানখেতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পার্বতীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত