নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে আফছানা খাতুন (১৮) নামে এক নারীর রেডমি ব্রান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের ইসলামবাগ শেরু হোটেল এলাকায় এই ঘটনা ঘটেছে।
ছিনতাইয়ের শিকার আফছানা শহরের উত্তরা আবাসন এলাকার মো: নাদিমের মেয়ে। ভুক্তভোগী ওই নারী জানান, তিনি ট্রেনের টিকিট কাটার জন্য সৈয়দপুর স্টেশন গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় যখন ফোনে কথা বলছিলেন তখন থেকে তাকে অনুসরণ করছিলেন ৪ জন যুবক।
এরপর বাসায় যাওয়ার উদ্দেশ্যে উল্লেখিত এলাকায় এসে ইজিবাইকে উঠেন। ওই ইজিবাইকে অন্য কোনো যাত্রী ছিল না। এ সময় হঠাৎ তার হাত থেকে টান দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় একজন। পরে তার চিৎকারে এলাকার লোকজন উপস্থিত হলে সেখান থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেননি তাই বিষয়টা আমার জানা নেই। অভিযোগ পেলে গুরুত্বের সাথে বিষটি দেখা হবে বলে জানান তিনি।
মতামত