কুয়াকাটার পর্যটন সম্ভাবনা তুলে ধরতে আয়োজিত দুই দিনব্যাপী কার্নিভ্যাল শেষ হয়েছে তারকা শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।
গতকাল শনিবার রাতে কার্নিভ্যালের সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ব্যান্ড তারকা হাসানসহ জনপ্রিয় শিল্পীরা। এর আগে ঘুড়ি উৎসব, বিচ ফুটবল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে কুয়াকাটার বালিয়াড়ি।
গত শুক্রবার শুরু হওয়া এ কার্নিভ্যালের প্রথম দিনেও ছিল নানা আয়োজন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেন চিত্রনায়িকা পূর্ণিমা। সংগীত পরিবেশন করেন চিশতি বাউল ও প্রীতম হাসান। এ ছাড়া দর্শকদের আনন্দ দিতে ছিল সাদ্দাম মালের কমেডি শো।
দিনব্যাপী আয়োজনে ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। সব মিলিয়ে তারকাদের পরিবেশনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় কুয়াকাটার দুই দিনব্যাপী এই কার্নিভ্যাল।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন কুয়াকাটার পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সহায়ক হবে।
কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কোনো ঘাটতি ছিল না। ফলে এত বড় একটি অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
মতামত