মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কর্মসূচি সম্প্রসারণের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে টানা তৃতীয় সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম বাড়ার পথে রয়েছে। এর প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১১টা ৫ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলার। সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। এর আগের লেনদেন পর্বে জুনের শুরুর পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল স্বর্ণ।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার চুক্তির দামও ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মান কমে যাওয়ায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সাশ্রয়ী হয়ে উঠছে। এতে চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সরকার বন্ড পুনঃক্রয়ের পরিমাণ আরও বাড়ানোর কথা বিবেচনা করছে। ট্রেজারি বিভাগ ইতোমধ্যে আগামী প্রান্তিকে দীর্ঘমেয়াদি সিকিউরিটিজের বন্ড পুনঃক্রয় দ্বিগুণ করে প্রতিটি কার্যক্রমে কমপক্ষে ৪ বিলিয়ন ডলারে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।
তবে স্বর্ণের বাজারের পরবর্তী গতি অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ওপর। বাজারে সুদের হার বাড়ার আশঙ্কা থাকলে সাধারণত স্বর্ণের আকর্ষণ কমে, কারণ এ ধাতু থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না।
এদিকে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী মাসে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে—এমন সম্ভাবনা দেখছেন ৬৩ শতাংশ ব্যবসায়ী। আর সুদের হার বাড়ার সম্ভাবনা ধরা হচ্ছে ৩৭ শতাংশ।
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দেখা গেছে ঊর্ধ্বগতি। শুক্রবার স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬৫ দশমিক ২৯ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৪ দশমিক ৪৪ ডলারে উঠেছে।
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার এই ঊর্ধ্বগতির প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে পারে। এরই মধ্যে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে।
নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৫ হাজার ৩০৭ টাকা। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম ইতোমধ্যে ১০৫ বার এবং রুপার দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে।
বিশ্ববাজারে দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম নতুন করে বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
মতামত