গ্যাস–সংকট ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুওয়াং ফুডের গাজীপুরের হোতাপাড়া কারখানা ছয় মাসের জন্য লেঅফ ঘোষণা করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি আজ রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এ তথ্য জানিয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের শনিবারের সভায় কারখানা লেঅফের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল শনিবার থেকেই কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে এই লেঅফের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ছয় মাস।
ফুওয়াং ফুড দেশে ব্রেড, বিস্কুট, কেক, নুডলসসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করে। কোম্পানিটির কারখানা গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার কর্মী রয়েছেন।
দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে থাকা কোম্পানিটি বর্তমানে শেয়ারবাজারের ‘জেড’ শ্রেণিভুক্ত। ২০২৩ সালের পর শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি প্রতিষ্ঠানটি। উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি গ্যাস সরবরাহের সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
কারখানা বন্ধের খবর শেয়ারবাজারেও প্রভাব ফেলেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ফুওয়াং ফুডের শেয়ারের দাম ১০ পয়সা বা প্রায় ১ শতাংশ কমে ১১ টাকা ১০ পয়সায় নেমে আসে। দিনটিতে কোম্পানিটির প্রায় পৌনে দুই লাখ শেয়ার লেনদেন হয়েছে।
ছয় মাসের লেঅফের ফলে কারখানার উৎপাদন ও কর্মীদের ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে এখন নজর রয়েছে। গ্যাস সরবরাহ পরিস্থিতি ও উৎপাদন ব্যয় স্বাভাবিক হলে প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের আগেই কার্যক্রমে ফিরতে পারবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মতামত