ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের উভয় প্রবেশদ্বারে তালা ঝোলানো এবং আন্দোলন চলাকালে প্রক্টোরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণের ঘটনায় কারণ উদ্ঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) তদন্ত কমিটির সদস্য সচিব ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মীর সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিসিয়াল গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের উভয় প্রবেশদ্বারে তালাবদ্ধ করা এবং প্রক্টোরিয়াল বডির সদস্যদের সাথে সংঘটিত অসদাচরণের সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য আহ্বান করা হচ্ছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার কারণ এবং দায়ীদের চিহ্নিত করার বিষয়ে কোনো ব্যক্তির কাছে তথ্য-উপাত্ত জানা থাকলে, তা আগামী শনিবার (২৯ আগস্ট) ২০২৬ তারিখের মধ্যে লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান করা হয়েছে।
সেই সাথে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখার নিশ্চয়তা দেয়া হয়।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ডিন-কে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের উভয় প্রবেশদ্বারে তালা লাগিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের সময় পরিস্থিতি সামলাতে গেলে ঘটনাস্থলে প্রক্টোরিয়াল বডির সদস্যদের সাথে এক অপ্রীতিকর ও অসদাচরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার শাখার উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মীর সিরাজুল ইসলামকে সদস্যসচিব করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
মতামত