ময়মনসিংহে দুই ভেট চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুর ২:৩০ মিনিটে ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল হোসেন, ফিজিওলজি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আলী আজগর, মেডিসিন সার্জারি এন্ড অবস্ট্র্যাকটিভ বিভাগের অধ্যাপক ড. সেলিম আহমেদ সহ অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফিজিওলজি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আলী আজগর বলেন,“ভেটেরিনারি চিকিৎসকদের ওপর এই বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীরা যে দলের ব্যানারের ছায়াতলেই আশ্রয় নিক না কেন, সরকারকে দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে এ ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় বা দলের ব্যানারের আড়ালে থেকে ভেটেরিনারি চিকিৎসকদের সঙ্গে এ ধরনের আচরণ করার চেষ্টা করলে আমরা ভেটেরিনারি চিকিৎসক ও শিক্ষার্থীরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।”
এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল হোসেন বলেন,“চিকিৎসকদের গায়ে হাত তোলা কোনোভাবেই কাম্য নয়। হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভেটেরিনারি চিকিৎসকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ভবিষ্যতে কোনো চিকিৎসক যেন কোনো ধরনের শারীরিক হেনস্তার শিকার না হন, সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।”
উল্লেখ্য, ময়মনসিংহ নগরীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে ডা. আশিকুর রহমান নামে এক ভেটেরিনারি চিকিৎসকের চেম্বারে হামলা, মারধর ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আগে গত ২০ আগস্ট নগরীর কেওয়াটখালি এলাকার আরেকটি ভেটেরিনারি চেম্বারেও হামলার ঘটনা ঘটে।
মতামত