নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দায় পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান, নগদ ৭৩ হাজার ৫০ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মান্দা থানার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ আফজালের নেতৃত্বে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১), মো. শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩)। তাদের সবার বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি গর্তে লুকানো অবস্থায় আধুনিক চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা ডাবল-ব্লেড টমাহক উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর অপরাধ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।
মতামত