নেত্রকোনার কলমাকান্দায় গোসল করতে নেমে ডোবার পানিতে ডুবে তামিম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের আজগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তামিম রাজাপুর গ্রামের হেলিম ভূঁইয়ার ছেলে। সে ঢাকায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। তার পরিবার ঢাকায় বসবাস করলেও দুর্গাপূজার ছুটিতে সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিল।
ফায়ার সার্ভিস ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে তামিম তার বাবার সঙ্গে বাড়ির সামনের ডোবায় মাছ ধরতে যায়। পরে গোসল করে বাড়ি ফেরার কথা বলে সে ডোবার পানিতে নামে। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। ছেলেকে দেখতে না পেয়ে তার বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন।
খোঁজাখুঁজি করেও তামিমকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে ডুবুরি দল পৌঁছানোর আগেই স্থানীয়রা জাল ফেলে তাকে উদ্ধার করেন। পরে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, একই উপজেলায় এর আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) আরেক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শাকিল (৬) নামের ওই শিশু ২১ অক্টোবর উপজেলার কৈলাটি ইউনিয়নের একটি খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। পরদিন তার মরদেহ ভেসে ওঠে। শাকিল নক্তিপাড়া গ্রাম থেকে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
মতামত