মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি, মোটরসাইকেল চোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২২ আগষ্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে শুক্রবার রাতে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর ও সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের জইন মিয়া,জিআর মামলার আসামি ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত তারাদরম গ্রামের শাহিন আহমদ এবং ঘোলসা গ্রামের সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় মহদিকোনা গ্রামের সুহেদ আহমদ,মুজিবুর রহমান বিলু, তয়াইদ আলী ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন,বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত