স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে থাকবে।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব তাকে দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন তিনি। মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং দেশ ও মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে নিজের বিশ্ববিদ্যালয়জীবন, সহপাঠী এবং মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন সাখাওয়াত হোসেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের কারণে ১৯৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। যুদ্ধ শেষে পরীক্ষায় অংশ নেওয়ার সময় তারা তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার কাছে বিশেষ বিবেচনার আবেদন করেছিলেন। পরে শিক্ষকদের সহযোগিতায় তাদের শিক্ষাজীবন নিয়মিত করার ব্যবস্থা হয়।
শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শিক্ষকদের স্নেহ, দিকনির্দেশনা ও সহযোগিতাই তাদের জীবনে এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করেছে।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং ডিইউইডিএএ সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত