তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থান এড়িয়ে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম অবশ্যই রেগুলেট করা হবে, তবে তা যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে পরিণত না হয়।
মন্ত্রী বলেন, সরকারের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে তুলে ধরার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক, জাতীয় ঐক্য এবং দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির গৌরবের বিষয়গুলো অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
সরকার দায়িত্ব নেওয়ার সময়টিকে দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুলত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। সরকারের মূল লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের বিভিন্ন ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের তথ্য জনগণের সামনে এসেছে। জুলাই আন্দোলনেও সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে নৈতিক ও কাঠামোগত সংকটের মুখে পড়েছে। বিচার বিভাগ, রাজনীতি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ও সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে। এখন ক্ষতিগুলো মেরামতের পাশাপাশি নতুন ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।
কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের মাধ্যমে যাতে অন্যায় না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে তিনি বলেন, সরকার পরিচালনা একটি টিমওয়ার্ক। রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের জানার অধিকার রয়েছে—সরকার কী করছে, তা তাদের কাছে পৌঁছে দিতে হবে। কারণ জনগণের ভোটেই সরকার দায়িত্ব পেয়েছে।
মতামত