সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে।
এর আগে, গত ২২ অক্টোবর সন্ধ্যা থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। এ সময় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণের কাজ চলার বিষয়ে ইংরেজিতে একটি বার্তা দেখা যেত।
তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।
সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ইন্টারনেট ও সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব ওয়েবসাইটের বড় একটি অংশ পিএইচপি প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল। সম্প্রতি এ ভাষায় দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, পিএইচপির নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক পদক্ষেপ নেয়। গত বুধবার রাত থেকে বিশ্বের বিভিন্ন স্থানে কিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয়। এরপরও লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের ঝুঁকি মোকাবিলায় ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
অন্যদিকে, সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতাধীন প্রায় ৩৬ হাজার ৫০০টি ওয়েবসাইট পিএইচপি প্রোগ্রামিং ভাষায় তৈরি নয়।
মতামত