ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে কালো জাদু করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি ভিডিওটির বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে মোদির ছবি রাখা অবস্থায় দেখা যায়। ছবিটির চারপাশে নারকেল, লেবু ও কমলা রঙের গুঁড়ার মতো বিভিন্ন উপকরণ সাজানো ছিল, যা আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়।
ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে সাইবার সেলের সহায়তায় ভিডিওটির উৎস শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার বিস্তারিত অনুসন্ধান করছে পুলিশ।
ঘোষীর সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী শনিবার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, অপরাধীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। নদীর তীরে কে বা কারা প্রধানমন্ত্রীর ছবি ও এই সামগ্রীগুলো রেখেছিল এবং এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনের মূল উদ্দেশ্য কী ছিল—তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত