সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতি কারাগারে

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতি কারাগারে

জুলাই গণঅভ্যুত্থান হত্যাচেষ্টা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও হতে পারে। এর আগে মধ্যরাত ৩টার দিকে উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি দীর্ঘ সময় চিকিৎসা নেন। এরপর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২০২৫ সালের ৩ মে মামলাটি করেন। এ মামলায় জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়।

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায়ে যা বললেন বাবা

রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।রামিসার বাবা রায় ঘোষণার পর বলেন, ‘‘দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায় সে দিক থেকে আমি সন্তুষ্ট। সোহেল রানার মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো— আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাবো।আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবাও আদালতে উপস্থিত ছিলেন।

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায়ে যা বললেন বাবা

হত্যাচেষ্টা মামলায় আদালতের নির্দেশে গ্রেফতার মমতাজ বেগম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে ভার্চুয়ালি তাকে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এ সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়।  চিকিৎসক জানান, শাকিলের ডান চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা হয়। উল্লেখ্য, গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

হত্যাচেষ্টা মামলায় আদালতের নির্দেশে গ্রেফতার মমতাজ বেগম

একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে বর্তমানে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবি-দাওয়া নেই, অথচ একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এই বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে সাধারণ কোনো শ্রমিক যুক্ত নেই; বরং শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি অনাকাঙ্ক্ষিত হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে। মন্ত্রী উল্লেখ করে বলেন, তদন্তে দেখা গেছে, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে থাকা কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ রাজনৈতিক এজেন্ডা ও ভূমিকা এর পেছনে কাজ করছে। পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত চক্রান্ত বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার এসব রাষ্ট্রবিরোধী সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশনা দিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের প্রধান দাবি ছিল প্রতি তিন বছর পর পর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা। সরকারের পক্ষ থেকে যথেষ্ট সময় আগেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রমিক পক্ষের প্রতিনিধি নাম প্রদানে কিছুটা সময় নেওয়ায় বোর্ড গঠনে সামান্য বিলম্ব হলেও, নাম প্রাপ্তির পর পরই মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই এর প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই বোর্ডে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে আগামী ১ জানুয়ারি (২০২৭) থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বোর্ড কাজ পরিচালনা করছে। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমবান্ধব, শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনা করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধি করা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি গার্মেন্টস মালিকদের সঙ্গে সরকারের দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গেও বিশদ আলোচনা করা হয়েছে। উভয় পক্ষই একমত হয়ে স্বীকার করেছেন যে, এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়; বরং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা কোনো অবস্থাতেই ‘প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ’ না করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারা অত্যন্ত সংযম প্রদর্শন করেছেন এবং শ্রমিকদের ওপর বলপ্রয়োগ থেকে বিরত থেকেছেন। তবে এই সুযোগে মাফিয়া ও অপরাধী চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকেরা কাজে ফিরলে শিল্প উৎপাদন সচল থাকবে এবং শ্রমিকদের নিজস্ব কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি তিনি আটক হয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার বিএনপির কার্যালয়ে ভাঙচুরের দুই মামলায় টিপুকে গ্রেফতার দেখালো পুলিশ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে নাশকতার দুই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ আদেশ দেন। পুলিশ জানায়, নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে আলী আকবর টিপুকে খুলনার আদালতে হাজির করা হয়। পরে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টিপু। গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানা এলাকায় একটি হত্যা মামলায় প্রথম গ্রেফতার করা হয়। এরপর খুলনার খালিশপুর থানায় নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখানো হলো। দুপুর ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  পুলিশ বলছে, ২০২৪ সালের ৪ আগস্ট খালিশপুর থানা এলাকায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ওই বছরের ৩০ আগস্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে নাশকতা ও ভাঙচুরের দুটি মামলাটি করেছিলেন। আলী আকবর টিপু কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ ছিলেন। তিনি খুলনার স্থানীয় আওয়ামী রাজনীতিতে বেশ প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, ‘গত ১০ অক্টোবর বিকালে ঢাকা মহানগর ডিবির বিশেষ টিম খুলনায় এসে টিপুকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়। ওই দিন ঢাকার আদাবর থানা এলাকায় একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ খুলনা আদালতে এনে খালিশপুর থানায় করা দুটি নাশকতার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দুই মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’ খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ শাহজাহান আলী বলেন, ‘২০২৪ সালের আগস্ট মাসে আমাদের থানায় করা নাশকতার দুই মামলায় টিপুকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’ এ ছাড়া খুলনা সদর ও সোনাডাঙ্গা থানাও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘খুলনা সদর থানায় আলী আকবর টিপুর বিরুদ্ধে ২০২৪ সালে করা ভাঙচুরের একটি মামলা রয়েছে আমাদের থানায়। তবে ওই মামলায় তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।’ সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘টিপুর বিরুদ্ধে আমাদের থানায় একটি ভাঙচুরের মামলা আছে। ওই মামলায় আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আর কোনও মামলা নেই।’

এবার বিএনপির কার্যালয়ে ভাঙচুরের দুই মামলায় টিপুকে গ্রেফতার দেখালো পুলিশ

অক্টোবরে ডিএমপির মামলা নিষ্পত্তি: ফৌজদারি ৬৭১৪, ট্রাফিকের ৫০৩৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে অক্টোবরে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবরে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে নিষ্পত্তি করা ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় অর্থদণ্ড আদায় করা হয় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা এবং নিলাম বা বাজেয়াপ্ত করা হয় ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান চালানো হয়। অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অক্টোবরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। এ সময়ে ৫ হাজার ৩৯টি মামলা নিষ্পত্তির পাশাপাশি ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অক্টোবরে ডিএমপির মামলা নিষ্পত্তি: ফৌজদারি ৬৭১৪, ট্রাফিকের ৫০৩৯

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২১৯১ মামলা, সবচেয়ে বেশি উত্তরা-গুলশানে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৩৩টি গাড়ি ডাম্পিং ও ৪২২টি গাড়ি রেকার করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৭টি, লালবাগ বিভাগে ১৩৪টি, মতিঝিল বিভাগে ৩৮৬টি, ওয়ারী বিভাগে ২৯৫টি, তেজগাঁও বিভাগে ২৮৭টি, মিরপুর বিভাগে ১৭৬টি, উত্তরা বিভাগে ৪৩০টি এবং গুলশান বিভাগে ৩৭৬টি মামলা করা হয়েছে। বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে সর্বোচ্চ ৪৩০টি এবং রমনা বিভাগে সর্বনিম্ন ১০৭টি মামলা হয়েছে। ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। যানবাহন চালক ও সংশ্লিষ্টদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২১৯১ মামলা, সবচেয়ে বেশি উত্তরা-গুলশানে

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে মেজর (অব.) আখতারুজ্জামান যেভাবে লড়াই করেছেন, জামায়াতও একইভাবে লড়াই চালিয়ে যাবে। জনগণের অধিকার জনগণের হাতে ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মেজর (অব.) আখতারুজ্জামানের কারামুক্তির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। বিমানবন্দরে প্রবাসীদের দুর্ভোগের প্রতিবাদে আখতারুজ্জামানের ভূমিকা সফল হয়েছে বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি আরও বলেন, আখতারুজ্জামান গ্রেপ্তার হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তিনি ট্রলির সংকটের কথা বলেছিলেন। এখন দুই দফায় ৩০০টি নতুন ট্রলি যুক্ত করা হয়েছে। লাগেজ কাটা ও চুরির অভিযোগের পর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়া যাচ্ছে। আখতারুজ্জামান জেলে থাকলেও শুধু দেশের মানুষ নয়, প্রবাসীরাও তাঁর গ্রেপ্তারের প্রতিবাদ করেছেন উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, বিভিন্ন দেশে সভা-সমাবেশ, মিছিল এমনকি দূতাবাস ঘেরাও করে প্রতিবাদ জানানো হয়েছে। প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য তাঁর প্রতিবাদের সুফল এখন পাওয়া যাচ্ছে। শফিকুর রহমান আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে। নিম্ন আদালত থেকে জামিন না দিয়ে তাঁকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। হাইকোর্টে জামিন পাওয়ার পর আবার চেম্বার আদালতে নেওয়া হয়েছে। এসব ঘটনা সরকারের জন্য লজ্জাজনক। সরকারের পাহাড়সম ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করতে বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, বিরোধী দলের চরিত্রহননের চেষ্টা না করে সরকারের উচিত মানুষের দুঃখ-দুর্দশা দূর করার দিকে মনোযোগ দেওয়া। অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। সংবর্ধনা অনুষ্ঠানে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘জেলে যাওয়া স্বাভাবিক। তবে আমার কারাবরণের মধ্য দিয়ে বর্তমান সরকারের ভেতরের চিত্র এবং তাদের আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার বলেছিল, তারা আক্রোশের রাজনীতিতে বিশ্বাস করে না। অথচ প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে দুর্ব্যবহার, অব্যবস্থাপনা ও ভোগান্তির প্রতিবাদ করায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে।’ আখতারুজ্জামান আরও বলেন, নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যায়। এভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা রুখে দাঁড়াবেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ভাবতে হবে। গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মেজর (অব.) আখতারুজ্জামান। এ সময় লাগেজ সংগ্রহের সময় ট্রলির সংকট ও জমজমের পানি পেতে দেরি হওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বাগ্বিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। পরদিন ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড শেষে ৪ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দায়রা আদালতেও জামিন আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এর পর গত ১ নভেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান মেজর (অব.) আখতারুজ্জামান।

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

হাইকোর্টে জামিন পেলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।এর আগে গত ৪ অক্টোবর রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। সেদিন তার আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পরে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আজ তাকে জামিন দেন হাইকোর্ট। গত ২ অক্টোবর শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান। এজাহারে আরও বলা হয়েছে, ওই সময় যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয় এবং দীর্ঘ লাইন তৈরি হয়।  এ পরিস্থিতিতে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। অন্যদিকে লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। 

হাইকোর্টে জামিন পেলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

হাইকোর্টে জামিন আবেদন করলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।রোববার (১ নভেম্বর) তার আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত একই মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেন। গত ২৬ নভেম্বর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।এরও আগে গত ৪ অক্টোবর এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা তৈরি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আখতারুজ্জামানের বিরুদ্ধে।  এ ঘটনায় ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।  ইমিগ্রেশন শেষ করে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান। ওই সময় অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় ট্রলি সংগ্রহের সাময়িক সংকট তৈরি হয় এবং দীর্ঘ লাইন দেখা দেয়।  এ পরিস্থিতিতে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে লাগেজ পেতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন।  এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

হাইকোর্টে জামিন আবেদন করলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

আবারও ডনের জামিন নামঞ্জুর করলেন আদালত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আদালত আবারও নাকচ করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহিদা আক্তার এ আদেশ দেন।ডনের পক্ষে তাঁর আইনজীবী সফিউল ইসলাম আদালতে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।জামিন আবেদনে আরও বলা হয়, পুলিশের বিভিন্ন সংস্থা আগে কয়েক দফা মামলাটি তদন্ত করেছে। প্রতিবারই তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে ডনের বিরুদ্ধে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন তাঁর আইনজীবী।আবেদনে ডনের অসুস্থতার কথাও উল্লেখ করা হয়। আইনজীবী জানান, তিনি বিভিন্ন রোগে ভুগছেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্থায়ী ঠিকানা থাকায় জামিন পেলে পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই বলেও আবেদনে বলা হয়।তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একাধিকবার ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ৯ আগস্ট এ মামলায় ডনকে কারাগারে পাঠানো হয়। ওই দিন সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। খবর পেয়ে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরে এ মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। এজাহারে ১১ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়। মামলার এজাহারে আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, আশরাফুল হক ওরফে ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদকে। এর আগে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। উল্লেখ্য, রমনা থানায় হত্যা মামলা দায়েরের পর গত বছরের ২৭ অক্টোবর সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আবারও ডনের জামিন নামঞ্জুর করলেন আদালত

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ অক্টোবর) কুষ্টিয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।দুদকের এজাহার অনুযায়ী, আবদুর রউফের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে।এজাহারে বলা হয়েছে, অনুসন্ধানে আবদুর রউফ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে মোট ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার ৬৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার ঋণের পরিমাণ ২৩ লাখ ৩১ হাজার ৭১২ টাকা। পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য খাতে তার ব্যয় হয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৪৫৩ টাকা।অন্যদিকে, দুদকের হিসাবে আবদুর রউফের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৩৯ লাখ ৬৫ হাজার ৮২৮ টাকা। এ আয়ের সঙ্গে তার সম্পদ ও ব্যয়ের হিসাব মিলিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়, জান্নাতুন নাহারের নামে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ২৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদের মূল্য দাঁড়ায় ১ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ২৯২ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৫৪ লাখ ৬৫ হাজার টাকা। এজাহারে আরও অভিযোগ করা হয়, আবদুর রউফ সংসদ সদস্য থাকাকালে তার পদ-পদবি ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ দিয়ে স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এ অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং আবদুর রউফের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদকের এজাহার অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে ২০২৫ সালের ২৬ আগস্ট পর্যন্ত সময়ের সম্পদ ও আয়-ব্যয়ের তথ্য পর্যালোচনা করে এ অনুসন্ধান করা হয়। গত ১৩ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় মামলা দায়েরের অনুমোদন দেয়। তদন্তে আরও কোনো সম্পদ বা অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তা মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

সম্পূর্ণ অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানকে কাঁচামাল সরবরাহকারী দেখিয়ে ব্যাংক থেকে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেন। আসামিরা হলেন- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও অ্যারামিট সিমেন্টের এমডি রুকমীলা জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ শাহ আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মহিউদ্দীন ও মোহাম্মদ আখতার হোসেন, ইনভেস্টমেন্ট ইনচার্জ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল কাদির ও মো. শহিদুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হক, এফভিপি ও ম্যানেজার অপারেশন মোহাম্মদ নিজাম উদ্দীন, এসভিপি আবুল কালাম আজাদ ও মোহাম্মদ মহসীন আলী, ব্যাংকটির এসপিও রিদুয়ানুল হক এবং অ্যারামিট সিমেন্টের এজিএম (হিসাব) একএম মারুফ।   মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অ্যারামিট সিমেন্ট লিমিটেডের নামে ভুয়া ও জাল দলিলপত্র তৈরি করেন। সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন অ্যারামিট গ্রুপের কর্মচারী এবং এজিএম (হিসাব) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ব্যবসায়ী ও সরবরাহকারী হিসেবে সাজানো হয়। এছাড়া ‘ক্লাসিক ট্রেডিং’ নামের একটি অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানকে কাঁচামাল সরবরাহকারী হিসেবে দেখানো হয়। বাস্তবে কোনো ধরনের কাঁচামাল সরবরাহ না করেই ভুয়া বিল ও জাল ইনভয়েস তৈরি করে ব্যাংকে জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে ইসলামী ব্যাংক, জুবলী রোড শাখা, চট্টগ্রাম থেকে ২৭টি মুরাবাহা ডিল (ঋণ) বাবদ মোট ৬৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮১৯ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়।

সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

কসবায় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তিনদিন পর কসবা থানায় মামলা দায়ের করেছেন শিশুর মা।  গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে অভিযুক্ত ব্যবসায়ী মো. ইয়াসিন মিয়াকে (৫০) একমাত্র আসামি করে এই মামলাটি করা হয়। এদিকে রবিবার (২৫ অক্টোবর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে থানায় আনা হলে সে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরে কসবা থানা পুলিশের গাড়িতে করে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর সকালে শিশুটি স্থানীয় বাজারে সয়াবিন তেল আনতে যায়। বাজার থেকে ফেরার পথে অভিযুক্ত ইয়াসিন মিয়া শিশুটির মুখ ও হাত চেপে ধরে জোরপূর্বক তার দোকানের ভেতর নিয়ে যায়। সেখানে ধর্ষণের শিকার হয় শিশুটি। তাকে মেরে ফেলার হুমকি হাতে টাকা দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয়। শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করতে করতে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। শিশুর বাবা অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি সামাজিক মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। গত শুক্রবার রাতে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই সভায় ১২ সদস্যের একটি জুরিবোর্ড গঠন করে ধর্ষককে শুধু ক্ষমা চাওয়ানোর মাধ্যমে বিষয়টি দফারফা করার চেষ্টা চলে।  কিন্তু শিশুর বাবা এই অনৈতিক বিচার মেনে না নিয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে প্রতিপক্ষের লোকজন তাকে হুমকি দেয়। এই হুমকির কারণে পরিবারটির মামলা করতে দুই-তিন দিন দেরি হয়েছে।  কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভুঁইয়া জানান, শিশুটিকে রবিবার সকালে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শায়লা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামি ইয়াসিন মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

কসবায় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

মোদির ছবি ব্যবহার করে কালো জাদু, তদন্তে পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে কালো জাদু করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি ভিডিওটির বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে মোদির ছবি রাখা অবস্থায় দেখা যায়। ছবিটির চারপাশে নারকেল, লেবু ও কমলা রঙের গুঁড়ার মতো বিভিন্ন উপকরণ সাজানো ছিল, যা আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়।ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে সাইবার সেলের সহায়তায় ভিডিওটির উৎস শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার বিস্তারিত অনুসন্ধান করছে পুলিশ। ঘোষীর সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী শনিবার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, অপরাধীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। নদীর তীরে কে বা কারা প্রধানমন্ত্রীর ছবি ও এই সামগ্রীগুলো রেখেছিল এবং এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনের মূল উদ্দেশ্য কী ছিল—তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

মোদির ছবি ব্যবহার করে কালো জাদু, তদন্তে পুলিশ

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক, জাল টাকা, যানবাহন ও ইলেকট্রনিক সরঞ্জামসহ একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি আরও বলেন, গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ব্যবহৃত গুলির অংশ, ৩টি ছুরি, ৮টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম ও ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১২টি মুঠোফোন, ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কিবোর্ড এবং ১০ হাজার ১০০ টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪১
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream