সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু: বিজ্ঞানের বিশ্বজনীন এক বিস্মৃত অগ্রদূত

সৈয়দ আমিরুজ্জামান 

“বিজ্ঞান প্রাচ্যেরও নহে, পাশ্চাত্যেরও নহে, ইহা বিশ্বজনীন।” —আচার্য জগদীশচন্দ্র বসু

বিজ্ঞান কোনো জাতি, ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক সীমানার সম্পত্তি নয়। বিজ্ঞান মানুষের সম্মিলিত জ্ঞান, অনুসন্ধিৎসা ও সত্য অন্বেষণের এক বিশ্বজনীন অভিযাত্রা। এই দর্শনকে ধারণ করেই যিনি ঔপনিবেশিক শাসন, বর্ণবাদী বৈষম্য, প্রাতিষ্ঠানিক অবহেলা এবং গবেষণার সীমাহীন প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে বিশ্ববিজ্ঞানে অসামান্য অবদান রেখেছিলেন, তিনি আচার্য স্যার জগদীশচন্দ্র বসু।

আজ ২৩ নভেম্বর ২০২৬, তাঁর ৮৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৩৭ সালের এই দিনে ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে শেষনিশ্বাস ত্যাগ করেন এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী। তাঁর প্রয়াণের ৮৯ বছর পরও বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে তাঁর অবদান, উদ্ভাবনী ক্ষমতা এবং বৈজ্ঞানিক দর্শনের যথার্থ মূল্যায়ন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে বেতার যোগাযোগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া এবং আধুনিক পরীক্ষণ প্রযুক্তির বিকাশে তাঁর অবদান নতুন করে আলোচনার দাবি রাখে।

জগদীশচন্দ্র বসুকে সাধারণত ‘গাছের প্রাণ আছে’—এই আবিষ্কারের সঙ্গে পরিচিত করা হয়। কিন্তু তাঁর বৈজ্ঞানিক কর্মপরিধি এর চেয়ে অনেক বিস্তৃত। তিনি একাধারে পদার্থবিদ, উদ্ভিদবিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভাবক, গবেষক এবং বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার অন্যতম পথিকৃৎ। বিজ্ঞানের বিভিন্ন শাখার পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি প্রকৃতির ঐক্য ও ধারাবাহিকতা অনুধাবনের এক অভিনব দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছিলেন।

জন্ম, শৈশব ও শিক্ষাজীবন

১৮৫৮ সালের ৩০ নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ময়মনসিংহে জগদীশচন্দ্র বসুর জন্ম। তাঁদের পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের রাঢ়িখাল গ্রামে। তাঁর পিতা ভগবানচন্দ্র বসু ছিলেন ব্রাহ্মসমাজের অনুসারী, শিক্ষানুরাগী ও সমাজসংস্কারক। তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পিতার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জগদীশচন্দ্রের জীবন ও চিন্তাজগৎ গঠনে গভীর প্রভাব ফেলে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভগবানচন্দ্র ছেলেকে ইংরেজি বিদ্যালয়ের পরিবর্তে বাংলা বিদ্যালয়ে ভর্তি করান। তাঁর বিশ্বাস ছিল, ইংরেজি শিক্ষার আগে সন্তানদের মাতৃভাষা ও নিজস্ব সমাজ-সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন।

জগদীশচন্দ্র পরবর্তী সময়ে নিজের শৈশবের স্মৃতিচারণায় উল্লেখ করেন, তাঁর পাশে বসত মুসলমান পরিচারকের ছেলে এবং অন্য পাশে জেলের ছেলে। তাঁদের সঙ্গে খেলাধুলা ও মেলামেশার মধ্য দিয়ে প্রকৃতি, পশুপাখি এবং জলজ প্রাণী সম্পর্কে নানা গল্প শুনতেন। এসব অভিজ্ঞতা প্রকৃতির রহস্য অনুসন্ধানে তাঁর আগ্রহ তৈরি করেছিল।

এই শৈশব তাঁকে শুধু একজন বিজ্ঞানী হিসেবেই গড়ে তোলেনি; মানুষের মধ্যে জাতি, ধর্ম ও বর্ণভিত্তিক বিভাজনের ঊর্ধ্বে ওঠার মানবিক শিক্ষাও দিয়েছিল।

ময়মনসিংহ জিলা স্কুলে প্রাথমিক শিক্ষার পর তিনি কলকাতার হেয়ার স্কুলে পড়াশোনা করেন। ১৮৭৯ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজের অধ্যাপক ইউজিন ল্যাফন্ট তাঁর বিজ্ঞানমনস্কতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে চিকিৎসাবিজ্ঞান অধ্যয়নের উদ্দেশ্যে ইংল্যান্ডে গেলেও অসুস্থতার কারণে সেই পাঠক্রম শেষ করতে পারেননি। পরবর্তীকালে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে প্রকৃতিবিজ্ঞান অধ্যয়ন করেন এবং ১৮৮৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

কেমব্রিজে লর্ড রেলি, জেমস ডিউয়ারসহ সে সময়ের বিশিষ্ট বিজ্ঞানীদের সংস্পর্শে আসার সুযোগ পান তিনি। এই শিক্ষাজীবন তাঁর বৈজ্ঞানিক অনুসন্ধানের ভিত নির্মাণ করে।

ঔপনিবেশিক বৈষম্যের বিরুদ্ধে আত্মমর্যাদার সংগ্রাম

১৮৮৫ সালে দেশে ফিরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে যোগ দেন। কিন্তু একজন ভারতীয় অধ্যাপক হওয়ার কারণে তাঁকে তৎকালীন ঔপনিবেশিক শাসনের বর্ণবাদী বৈষম্যের শিকার হতে হয়। ইউরোপীয় অধ্যাপকদের তুলনায় তাঁকে অর্ধেকেরও কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই বৈষম্যের প্রতিবাদে তিনি বেতন গ্রহণ করতে অস্বীকৃতি জানান। প্রায় তিন বছর বিনা বেতনে অধ্যাপনা চালিয়ে যান। শেষ পর্যন্ত তাঁর প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ তাঁকে ইউরোপীয় অধ্যাপকদের সমপরিমাণ বেতন দিতে বাধ্য হয়।

এটি শুধু ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠার ঘটনা ছিল না; ঔপনিবেশিক শাসনব্যবস্থায় ভারতীয়দের মেধা ও মর্যাদাকে খাটো করে দেখার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ।

গবেষণার ক্ষেত্রেও তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। প্রেসিডেন্সি কলেজে উন্নত গবেষণাগার ছিল না। মাত্র ২৪ বর্গফুটের একটি ছোট কক্ষে তাঁকে গবেষণা চালাতে হতো। পর্যাপ্ত অর্থ ও যন্ত্রপাতির অভাবে স্থানীয় কারিগরদের সহায়তায় নিজেই গবেষণার যন্ত্রপাতি তৈরি করতেন।

প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও ঔপনিবেশিক অবহেলা তাঁর বিজ্ঞানসাধনাকে থামাতে পারেনি। বরং প্রতিকূলতাকে জয় করেই তিনি আন্তর্জাতিক বিজ্ঞানমহলে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন।

বেতার ও মাইক্রোওয়েভ গবেষণায় অগ্রণী ভূমিকা

জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে গবেষণা।

জার্মান বিজ্ঞানী হাইনরিখ হার্টজ তড়িৎচুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন। সেই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যান জগদীশচন্দ্র। ১৮৯৫ সালে তিনি প্রায় পাঁচ মিলিমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপাদন ও প্রেরণে সফল হন। তিনি দেখান, তার ছাড়াও এক স্থান থেকে অন্য স্থানে বৈদ্যুতিক সংকেত পাঠানো সম্ভব।

তাঁর গবেষণায় ব্যবহৃত হয়েছিল বিভিন্ন ধরনের অ্যান্টেনা, তরঙ্গ নির্দেশক, পোলারাইজার এবং সংকেত শনাক্তকরণ যন্ত্র। বিশেষ করে আধুনিক মাইক্রোওয়েভ গবেষণার প্রাথমিক বিকাশে তাঁর কাজ গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে।

১৮৯৫ সালের কলকাতার এক প্রদর্শনীতে তিনি দূর থেকে বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে একটি ঘণ্টা বাজানো এবং গানপাউডার বিস্ফোরণের মাধ্যমে তাঁর প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শন করেন।

১৮৯৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় তাঁকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করে। তাঁর গবেষণাপত্র রয়্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত হয়। ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স এবং রয়্যাল ইনস্টিটিউশনে তাঁর বক্তৃতা ইউরোপীয় বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে।

১৮৯৮ সালে রয়্যাল ইনস্টিটিউশনে তাঁর বৈদ্যুতিক তরঙ্গের মেরুকরণবিষয়ক বক্তৃতা বিশেষ প্রশংসা অর্জন করে। বিজ্ঞানী লর্ড রেলি তাঁর পরীক্ষণ দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন।

বেতার প্রযুক্তির ইতিহাসে ইতালীয় বিজ্ঞানী গুলিয়েলমো মার্কনির অবদান গুরুত্বপূর্ণ এবং স্বীকৃত। তবে মার্কনির বাণিজ্যিক বেতার যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার আগেই জগদীশচন্দ্র বসু বেতার তরঙ্গ উৎপাদন, শনাক্তকরণ ও তারবিহীন সংকেত প্রেরণ নিয়ে মৌলিক গবেষণা সম্পন্ন করেছিলেন।

১৮৯৬ সালে তিনি তাঁর গবেষণার কিছু ফলাফল প্রকাশ করেন এবং পরবর্তীকালে ১৯০১ সালে বেতার সংকেত শনাক্তকরণ-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পেটেন্ট লাভ করেন। তাঁর গবেষণার একটি বিশেষ দিক ছিল, তিনি নিজের আবিষ্কারের পেটেন্ট ও বাণিজ্যিক মালিকানার চেয়ে বৈজ্ঞানিক জ্ঞানকে মানবসমাজের সম্পদ হিসেবে বিবেচনা করতে আগ্রহী ছিলেন।

তাঁর গবেষণার সঙ্গে আধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি, রাডার এবং বেতার যোগাযোগের বিকাশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে বর্তমান ওয়াই-ফাই, ব্লুটুথ কিংবা স্মার্টফোনের সরাসরি উদ্ভাবক হিসেবে তাঁকে চিহ্নিত করা ঐতিহাসিকভাবে যথাযথ নয়। বরং এসব প্রযুক্তির পেছনে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গবিজ্ঞানের ভিত্তি রয়েছে, তার প্রাথমিক গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।

ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE) তাঁকে রেডিও বিজ্ঞানের অন্যতম জনক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ স্বীকৃতি তাঁর বৈজ্ঞানিক অবদানের আন্তর্জাতিক গুরুত্বের একটি উল্লেখযোগ্য প্রমাণ।

উদ্ভিদবিজ্ঞানে বৈপ্লবিক গবেষণা

পদার্থবিদ্যায় অসামান্য সাফল্যের পর জগদীশচন্দ্র উদ্ভিদের জীবনপ্রক্রিয়া নিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। তাঁর অনুসন্ধানের মূল বিষয় ছিল—উদ্ভিদ কি পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়? তাপ, আলো, রাসায়নিক পদার্থ, বৈদ্যুতিক উত্তেজনা কিংবা আঘাতের প্রভাবে উদ্ভিদের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে?

এসব প্রশ্নের উত্তর অনুসন্ধানে তিনি নানা বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবন করেন।

তাঁর উদ্ভাবিত ক্রেস্কোগ্রাফ যন্ত্র উদ্ভিদের অতি ক্ষুদ্র বৃদ্ধিকে বহুগুণ বড় করে পর্যবেক্ষণ করতে সাহায্য করত। এর মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধির সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করা সম্ভব হয়েছিল।

এ ছাড়া উদ্ভিদের বৈদ্যুতিক প্রতিক্রিয়া ও শারীরবৃত্তীয় পরিবর্তন পর্যবেক্ষণে তিনি বিভিন্ন সংবেদনশীল যন্ত্র তৈরি করেন। তাঁর পরীক্ষায় দেখা যায়, বাহ্যিক উদ্দীপনায় উদ্ভিদদেহেও পরিমাপযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

১৯০২ সালে প্রকাশিত তাঁর Responses in the Living and Non-Living গ্রন্থে জীবিত ও জড় পদার্থের প্রতিক্রিয়াসংক্রান্ত গবেষণার ফলাফল তুলে ধরা হয়। পরবর্তীকালে Plant Response as a Means of Physiological Investigation (১৯০৬), Comparative Electrophysiology (১৯০৭) এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়।

এখানে একটি বৈজ্ঞানিক বিষয় স্পষ্ট করা প্রয়োজন। জগদীশচন্দ্রের ‘উদ্ভিদের প্রাণ আছে’ কথাটির তাৎপর্য শুধু গাছ জীবিত—এই পরিচিত সত্য প্রমাণ করা নয়। তাঁর প্রকৃত অবদান ছিল উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেওয়া, বৈদ্যুতিক সংকেত, বৃদ্ধি ও শারীরবৃত্তীয় পরিবর্তনকে পরীক্ষণ ও পরিমাপের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা।

তাঁর গবেষণা উদ্ভিদ শারীরবৃত্ত ও জীবপদার্থবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বসু বিজ্ঞান মন্দির: গবেষণায় স্বাধীন প্রতিষ্ঠান

১৯১৭ সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির বা Bose Institute। এটি ছিল তাঁর আজীবনের স্বপ্নের বাস্তবায়ন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি এমন একটি গবেষণাকেন্দ্র গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে বিজ্ঞানচর্চা হবে স্বাধীন, মুক্ত ও মানবকল্যাণমুখী।

প্রতিষ্ঠানটির উদ্বোধনী ভাষণে তিনি বিজ্ঞানকে মানবজাতির সম্মিলিত সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। গবেষণার উদ্দেশ্য কেবল ব্যক্তিগত খ্যাতি বা অর্থ উপার্জন নয়; প্রকৃতির রহস্য উন্মোচন এবং মানবসভ্যতার কল্যাণ সাধন—এটাই ছিল তাঁর মূল দর্শন।

নিজের সঞ্চিত অর্থের বড় অংশ তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করেন। মৃত্যুর আগে তাঁর সঞ্চিত অর্থের উল্লেখযোগ্য অংশও বসু বিজ্ঞান মন্দিরকে দান করেন।

আজও প্রতিষ্ঠানটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

মাতৃভাষায় বিজ্ঞানচর্চার অগ্রদূত

জগদীশচন্দ্র বসুর আরেকটি অসামান্য অবদান হলো মাতৃভাষায় বিজ্ঞানচর্চার প্রসার।

তাঁর কাছে বাংলা ভাষা শুধু আবেগ ও সাহিত্যচর্চার মাধ্যম ছিল না; এটি ছিল জ্ঞান-বিজ্ঞান প্রকাশেরও শক্তিশালী মাধ্যম। তিনি বিশ্বাস করতেন, সাধারণ মানুষের ভাষায় বিজ্ঞানকে উপস্থাপন করতে না পারলে জ্ঞানচর্চা সমাজের বৃহত্তর অংশের কাছে পৌঁছাবে না।

তাঁর বাংলা গ্রন্থ অব্যক্ত বাংলা বিজ্ঞানসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে বিজ্ঞান, প্রকৃতি ও মানবজীবন সম্পর্কে তাঁর চিন্তার পরিচয় পাওয়া যায়।

যে সময়ে ইংরেজিকে জ্ঞানচর্চার প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সে সময়ে বাংলায় বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ রচনা করে তিনি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন।

আজও বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞানচর্চার যে প্রয়োজনীয়তা রয়েছে, তাঁর জীবন ও কর্ম আমাদের সে বিষয়ে নতুন করে ভাবতে শেখায়।

বিজ্ঞান, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দর্শন

জগদীশচন্দ্র বসুর জীবনদর্শনের অন্যতম বৈশিষ্ট্য ছিল মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও বিশ্বজনীনতা। শৈশব থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে মেলামেশার যে পরিবেশ তিনি পেয়েছিলেন, তা তাঁর পরবর্তী চিন্তাজগতে প্রভাব ফেলেছিল।

তিনি ১৯২৭ সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তৃতায় ভারতীয় জ্ঞানচর্চার ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞানে ভারতের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

তাঁর বক্তব্যের মর্মার্থ ছিল, জ্ঞান কোনো নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ নয়। যুগে যুগে জ্ঞানী ও চিন্তাবিদেরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। মানবসভ্যতার অগ্রগতি বিভিন্ন জাতি ও সংস্কৃতির সম্মিলিত অবদানের ফল।

তাঁর বিজ্ঞানদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটি ছিল—বিজ্ঞান প্রাচ্যেরও নয়, পাশ্চাত্যেরও নয়; বিজ্ঞান বিশ্বজনীন।

এই দর্শন বর্তমান পৃথিবীতেও সমান প্রাসঙ্গিক। ধর্মীয় বিভাজন, জাতিগত বিদ্বেষ, সাম্রাজ্যবাদী আধিপত্য, প্রযুক্তিগত বৈষম্য এবং জ্ঞানকে পুঁজির একচেটিয়া সম্পত্তিতে পরিণত করার প্রবণতার বিরুদ্ধে তাঁর বিশ্বজনীন বিজ্ঞানচেতনা এক গুরুত্বপূর্ণ নৈতিক অবস্থান তৈরি করে।

আন্তর্জাতিক স্বীকৃতি ও যথার্থ মূল্যায়নের প্রশ্ন

জগদীশচন্দ্র বসু জীবদ্দশাতেই আন্তর্জাতিক বিজ্ঞানমহলে সম্মান অর্জন করেছিলেন। ১৯১৬ সালে তাঁকে নাইট উপাধিতে ভূষিত করা হয়। ১৯২০ সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯২৭ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯২৮ সালে ভিয়েনা একাডেমি অব সায়েন্সের সদস্য নির্বাচিত হন।

বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তাঁর গবেষণার প্রশংসা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ঋষিতুল্য বিজ্ঞানী হিসেবে অভিহিত করেছিলেন।

১৯২৭ সালে লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকায় তাঁকে গ্যালিলিও ও নিউটনের মতো বিজ্ঞানীদের সমপর্যায়ের প্রতিভা হিসেবে উল্লেখ করা হয়েছিল বলে বিভিন্ন জীবনীগ্রন্থে উদ্ধৃত হয়েছে।

তবে তাঁর যথার্থ মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন।

প্রথমত, ঔপনিবেশিক শাসনামলে ইউরোপকেন্দ্রিক বিজ্ঞানচর্চার আধিপত্য ভারতীয় বিজ্ঞানীদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে বাধা সৃষ্টি করেছিল। দ্বিতীয়ত, বেতার প্রযুক্তির ইতিহাসে তাঁর প্রাথমিক পরীক্ষণ ও অবদানের যথাযথ আলোচনা অনেক ক্ষেত্রেই সীমিত থেকেছে। তৃতীয়ত, তাঁর উদ্ভিদবিষয়ক গবেষণার বৈজ্ঞানিক গুরুত্ব সাধারণ মানুষের কাছে এখনো যথেষ্টভাবে তুলে ধরা হয়নি।

তাঁকে মূল্যায়নের অর্থ অন্য বিজ্ঞানীদের অবদান অস্বীকার করা নয়। বরং বিজ্ঞান-ইতিহাসকে পক্ষপাতমুক্ত ও পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা। মার্কনি যেমন বেতার যোগাযোগের ব্যবহারিক ও বাণিজ্যিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনি জগদীশচন্দ্র বসুর অগ্রণী গবেষণাকেও যথাযথ গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞান ইতিহাসের এই ন্যায্য মূল্যায়ন শুধু একজন বাঙালি বিজ্ঞানীর সম্মান প্রতিষ্ঠার প্রশ্ন নয়; এটি বিশ্ববিজ্ঞানের ইতিহাসকে আরও নিরপেক্ষ ও সমৃদ্ধ করারও বিষয়।

বাংলাদেশে জগদীশচন্দ্র বসুর প্রাসঙ্গিকতা

জগদীশচন্দ্র বসুর জন্ম ময়মনসিংহে, তাঁর পৈতৃক বাড়ি বিক্রমপুরের রাঢ়িখালে। এই ভূখণ্ডের সঙ্গে তাঁর জন্ম, শৈশব ও পারিবারিক ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে। ফলে তিনি বাংলাদেশের মানুষের কাছেও এক বিশেষ গৌরবের নাম।

তাঁর জীবন থেকে বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করা যায়।

প্রথমত, বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের জন্য গবেষণায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। দ্বিতীয়ত, শিক্ষাব্যবস্থায় মুখস্থনির্ভরতার পরিবর্তে অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা ও সৃজনশীল চিন্তাকে গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, বিজ্ঞানশিক্ষা ও গবেষণায় বাংলা ভাষার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। চতুর্থত, ধর্ম-বর্ণ-শ্রেণিনির্বিশেষে সবার জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।

বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতের নীতিনির্ধারকদের জন্য তাঁর জীবন এক বড় শিক্ষা। প্রতিভার বিকাশ শুধু ব্যক্তিগত মেধার ওপর নির্ভর করে না; প্রয়োজন গবেষণার স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক সহায়তা, পর্যাপ্ত অর্থায়ন এবং বৈষম্যহীন পরিবেশ।

যে দেশে মেধাবী শিক্ষার্থীরা গবেষণার সুযোগের অভাবে দেশ ছাড়তে বাধ্য হন, সেখানে জগদীশচন্দ্রের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয়—প্রতিভাকে বিকশিত করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজেরও।

বৈষম্যহীন সমাজ ও বিজ্ঞানমনস্ক ভবিষ্যৎ

জগদীশচন্দ্র বসুর জীবন কেবল বিজ্ঞানীদের জন্য অনুসরণীয় নয়; এটি সমাজ পরিবর্তনের প্রত্যয়ী মানুষের জন্যও প্রেরণার উৎস।

তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, তখন ভারতবর্ষ ছিল ঔপনিবেশিক শাসনের অধীন। সেই বাস্তবতায় দাঁড়িয়ে তিনি বিজ্ঞানচর্চার মধ্য দিয়ে মানুষের মেধা, মর্যাদা ও সামর্থ্যের সার্বজনীনতার প্রমাণ দিয়েছেন। কোনো জাতি বা জনগোষ্ঠী জন্মগতভাবে জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে থাকতে বাধ্য নয়—প্রয়োজন সুযোগ, শিক্ষা, গবেষণার স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার।

আজকের বাংলাদেশে বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার সংগ্রামের সঙ্গে তাঁর জীবনদর্শনের গভীর সম্পর্ক রয়েছে।

সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক ও বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাকে সাধারণ মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি। বিজ্ঞানকে মুষ্টিমেয় মানুষের সম্পদ কিংবা মুনাফা অর্জনের হাতিয়ারে পরিণত না করে জনকল্যাণ ও মানবমুক্তির শক্তিতে পরিণত করতে হবে।

শেষ কথা

জগদীশচন্দ্র বসু ছিলেন এমন একজন বিজ্ঞানী, যিনি নিজের প্রতিভা, শ্রম, অধ্যবসায় ও বৈজ্ঞানিক অনুসন্ধানের মধ্য দিয়ে বিশ্বসভায় বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। ঔপনিবেশিক বৈষম্যকে পরাজিত করে তিনি দেখিয়েছিলেন, প্রতিকূল পরিস্থিতিও সত্যের অনুসন্ধানকে থামিয়ে রাখতে পারে না।

তাঁর জীবন আমাদের শেখায়, বিজ্ঞানচর্চার কোনো ভৌগোলিক সীমানা নেই, জ্ঞান কোনো বিশেষ জাতির একচেটিয়া সম্পত্তি নয় এবং প্রকৃত বিজ্ঞানীর সবচেয়ে বড় পরিচয় হলো সত্যের প্রতি অবিচল নিষ্ঠা।

মৃত্যুর ৮৯ বছর পরও তাঁর বৈজ্ঞানিক দর্শন, গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ আমাদের নতুন করে অনুপ্রাণিত করে। তাঁকে যথার্থ সম্মান জানাতে হলে শুধু মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেই চলবে না; বিজ্ঞানচর্চার স্বাধীনতা, গবেষণার পরিবেশ, মাতৃভাষায় জ্ঞান-বিজ্ঞানের প্রসার এবং বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

গ্যালিলিও-নিউটনের সমকক্ষ এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীর জীবন ও কর্মের যথার্থ মূল্যায়ন হোক। নতুন প্রজন্ম তাঁর গবেষণা, সংগ্রাম ও বিশ্বজনীন বিজ্ঞানদর্শন থেকে অনুপ্রেরণা গ্রহণ করুক।

আচার্য স্যার জগদীশচন্দ্র বসুর ৮৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র অভিবাদন।

#

সৈয়দ আমিরুজ্জামান, এলএল.বি

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক;

বিশেষ প্রতিনিধি, দ্য ফিনান্সিয়াল পোস্ট (ইংরেজি দৈনিক) ও সাপ্তাহিক নতুনকথা;

সম্পাদক, আরপি নিউজ;

কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতি;

‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রমৈত্রী।

সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন।

সাধারণ সম্পাদক, মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি।

প্রাক্তন সভাপতি, বাংলাদেশ আইন ছাত্র ফেডারেশন।

E-mail : syedzaman.62@gmail.com

WhatsApp : 01716599589

মুঠোফোন: ০১৭১৬৫৯৯৫৮৯

Bikash number : +8801716599589 (personal)

তথ্যসূত্র ও পাঠসহায়ক গ্রন্থ:

১. জগদীশচন্দ্র সেরা রচনা সম্ভার, পত্রভারতী, কলকাতা।

২. Responses in the Living and Non-Living (১৯০২)।

৩. Plant Response as a Means of Physiological Investigation (১৯০৬)।

৪. Comparative Electrophysiology (১৯০৭)।

৫. Saha, M. N., “Sir Jagadis Chunder Bose, 1858–1937”, Obituary Notices of Fellows of the Royal Society, ১৯৪০।

৬. Banglapedia, “Bose, (Sir) Jagadish Chandra”, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ।

৭. Indian National Science Academy, Pursuit and Promotion of Science: The Indian Experience।

৮. Sen, A. K., “Sir J. C. Bose and Radio Science”, IEEE Microwave Symposium Digest, ১৯৯৭।

৯. A versatile genius ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে, Frontline 21 (24), 2004.

১০. Chatterjee, Santimay and Chatterjee, Enakshi, Satyendranath Bose, 2002 reprint, p. 5, National Book Trust, আইএসবিএন ৮১-২৩৭-০৪৯২-৫

১১. Sen, A. K. (১৯৯৭)। “Sir J.C. Bose and radio science”। Microwave Symposium Digest। 2 (8–13): 557–560। আইএসবিএন 0-7803-3814-6। ডিওআই:10.1109/MWSYM.1997.602854।

১২. Murshed, Md Mahbub। “Bose, (Sir) Jagadish Chandra”। Banglapedia। Asiatic Society of Bangladesh। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৭।

১৩. Mahanti, Subodh। “Acharya Jagadis Chandra Bose”। Biographies of Scientists। Vigyan Prasar, Department of Science and Technology, Government of India। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৭।

১৪. Mukherji, Visvapriya, Jagadish Chandra Bose, second edition, 1994, Builders of Modern India series, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India, আইএসবিএন ৮১-২৩০-০০৪৭-২.

১৫. “Jagadish Chandra Bose”। FamousScientists.org। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৭।

১৬. “Pursuit and Promotion of Science : The Indian Experience” (PDF)। Indian National Science Academy। সংগ্রহের তারিখ ২০১৩-১০-০১।

১৭. Gangopadhyay, Sunil, Protham Alo, 2002 edition, p. 377, Ananda Publishers Pvt. Ltd. আইএসবিএন ৮১-৭২১৫-৩৬২-৭

১৮. “Jagadish Chandra Bose” (PDF)। Pursuit and Promotion of Science: The Indian Experience (Chapter 2)। Indian National Science Academy। ২০০১। পৃষ্ঠা 22–25। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৭।

১৯. জগদীশচন্দ্র সেরা রচনা সম্ভার, পত্র ভারতী, কলকাতা, ১৯৬০, পৃ. ২৪০,২৪১

২০. জগদীশচন্দ্র সেরা রচনা সম্ভার, পত্র ভারতী, কলকাতা, ১৯৬০, পৃ. ২৪২

২১. “Sir Jagadish Chandra Bose to Feature in 50-Pound Note”।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু: বিজ্ঞানের বিশ্বজনীন এক বিস্মৃত অগ্রদূত

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream