পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।
আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে ওই পাঁচজন গুলিবিদ্ধ হন।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর একই ইউনিয়নের সাঁড়া এলাকায় পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় দুজন আহত হয়েছিলেন।
মতামত