বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির নেতৃত্বে সরকারি সফরে পাকিস্তান গেছেন বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। এ প্রতিনিধিদলে রয়েছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্য এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন প্রতিনিধিদলের সদস্যরা। আগামী ২৮ নভেম্বর সফর শেষে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফরের আয়োজন করা হয়েছে। সফরে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নিচ্ছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
এম নাসের রহমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে,ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
একই জেলার দুই সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিনিধিদলে অন্তর্ভুক্তিকে মৌলভীবাজারের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সংসদ সচিবালয়ের ১৭ নভেম্বরের সভার নোটিশ অনুযায়ী,সফরের সার্বিক প্রস্তুতি নিতে গত ১৯ নভেম্বর জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন,এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।
মতামত