সাংবিধানিক বিধান অক্ষরে অক্ষরে অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ড. মঈন খান বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে। বিগত সরকারের আমলে যেভাবে নির্বাচন হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সেই ধরনের নির্বাচনের পথে হাঁটবে না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপিকে ‘ক্যান্টনমেন্টের দল’ বলা হলেও আওয়ামী লীগই দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছিলেন বলেও দাবি করেন তিনি।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্নীতিকেই সরকার প্রশ্রয় দেবে না। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশে আইনের শাসন ও সুষ্ঠু আইনিব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
মতামত