৫ আগস্টের পর জনগণ ফ্যাসিবাদের অবসান ঘটেছে বলে আশা করেছিল। কিন্তু বর্তমান সরকারও দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পথেই এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদ দেখতে চায় না। সরকার যদি আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে জনগণ আওয়ামী লীগের মতোই তাদেরও প্রত্যাখ্যান করবে।
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাষ্ট্রকে সন্তুষ্ট করতে গিয়ে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে একটি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর ইতিহাসও মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
জামায়াত আমির বলেন, দেশের ইতিহাস ও জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া উচিত নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
মতামত