ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কারচুপি বা ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রয়োজনে এই আসনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলন শুরু করার কথাও বলেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ভোটে কোনো ধরনের কারচুপি বা টালবাহানা করা হলে ভোটকেন্দ্র থেকে নির্বাচন অফিস পর্যন্ত ঘেরাও করা হবে। কোনো প্রিসাইডিং কর্মকর্তা অনিয়মে জড়িত হলে তাঁকে দড়ি দিয়ে বেঁধে রাখার হুঁশিয়ারিও দেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতন দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং দলীয় লোকজনকে সুবিধা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির সময় শেষ হয়ে আসছে। আগামী ২৯ তারিখ ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।
চাঁদাবাজি ও দখলদারত্বের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। এ সময় বিএনপির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার।
মতামত