চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৫ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হন। সফর শেষে আগামী ২৯ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সফরে শিক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। এ সময় বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। এসব আলোচনায় দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে।
এ ছাড়া চীনের বিভিন্ন শিক্ষা বিষয়ক ফোরাম ও সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন তিনি।
সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।
মতামত