রাজধানীর প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার। এতে এসব যান কোন সড়কে এবং কী পরিমাণে চলতে পারবে, যানবাহনের কারিগরি মান, নিরাপত্তা ও চালকদের প্রশিক্ষণের বিষয়গুলো নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এতে একদিকে সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা তৈরি হলেও অন্যদিকে যানজটসহ নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে রিকশাচালকদের যথাযথ প্রশিক্ষণ না থাকা এবং যানবাহনগুলোর কারিগরি নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সরকারি উদ্যোগের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হবে। কোন এলাকায় এসব রিকশা চলাচলের অনুমতি পাবে, কতদূর পর্যন্ত চলতে পারবে এবং যানবাহনের মান ও নিরাপত্তার শর্ত কী হবে—নীতিমালায় সেসব বিষয় নির্ধারণ করা হবে। চালকদের প্রশিক্ষণের বিষয়টিও এতে গুরুত্ব পাবে।
সংবাদ সম্মেলনে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় ধাপ শুরুর বিষয়েও জানানো হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে নতুন পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
মতামত