ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে লবণাক্ত পানি শোধন করে ব্যবহারের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলীয় মোংলায় সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ঢাকার পানির বড় একটি অংশ ভূগর্ভস্থ উৎস থেকে সংগ্রহ করা হয়। বর্তমানে নগরীর প্রায় ৭৪ শতাংশ পানি মাটির নিচ থেকে উত্তোলন করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করছে। তাই বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি পরিশোধনের উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, পরিশোধনের পর পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো করে দেশের বিভিন্ন এলাকায় পানি পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এদিকে মেঘনা নদীর পানি ঢাকায় সরবরাহের জন্য ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করে রাজধানীতে সরবরাহ করা সম্ভব হবে।
প্রকল্প বাস্তবায়নে ডেনমার্ক সরকারের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তার কথা জানান প্রতিমন্ত্রী। এর পাশাপাশি রোহিঙ্গা শিবিরে পানি শোধন ব্যবস্থার উন্নয়নে ডেনমার্ক ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
মতামত