সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবান জেলা পরিষদ।
বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ জিয়ার মাজার এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পরিষদের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দিন তুষার, চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্য এবং মিজ এডভোকেট উম্যাসিং মারমা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পুষ্পস্তবকে লেখা ছিল "শ্রদ্ধাঞ্জলি - মা ম্যাচিং, চেয়ারম্যান, বান্দরবান জেলা পরিষদ"। এসময় বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এসময় বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। তাদের আদর্শ বুকে ধারণ করেই বান্দরবানের পাহাড়ি জনপদের উন্নয়নে কাজ করে যাবে জেলা পরিষদ।
মতামত