মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে চলাচলকারী বিরতিহীন বাস ‘হবিগঞ্জ এক্সপ্রেস’-এ যাত্রী ওঠা-নামার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের চৌমুহনা চত্বরে হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা ও স্থানীয় ভুক্তভোগী নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চা শ্রমিক, ব্যবসায়ী,শিক্ষার্থী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর। প্রতিদিন ব্যবসা,শিক্ষা,চিকিৎসা ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসে শ্রীমঙ্গলে যাত্রী ওঠা-নামার সুযোগ না থাকায় তাঁদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে বিশেষ করে নারী,শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা বেশি দুর্ভোগে পড়ছেন।
সংস্কৃতিকর্মী ও মানববন্ধনের সঞ্চালক মো. তারেক ইকবাল বলেন,“শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটগামী মানুষের দীর্ঘদিনের যাতায়াতের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ‘হবিগঞ্জ এক্সপ্রেস’-এ যাত্রী ওঠা-নামার সুযোগ দেওয়া জরুরি। একটি পরিবহনসেবার সুবিধা যদি স্থানীয় মানুষের প্রয়োজন মেটাতে পারে,তাহলে অযৌক্তিক কারণে সেই সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা উচিত নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানাচ্ছি।”
সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান বলেন, “শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও এখানকার যাত্রীদের একটি আন্তঃআঞ্চলিক পরিবহনসেবার সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটিই নষ্ট হচ্ছে। পরিবহন খাতের যে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে,তা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করে শ্রীমঙ্গলে ‘হবিগঞ্জ এক্সপ্রেস’-এর যাত্রী ওঠা-নামা স্বাভাবিক করা প্রয়োজন।”
মানববন্ধনে হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ,মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ,সদস্য মো. ওয়াহিদ হাসান,সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল,সৈয়দ ছায়েদ আহমদসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা পরিবহন খাতের সংশ্লিষ্টদের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শ্রীমঙ্গল থেকে ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসে যাত্রী ওঠা-নামার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
মতামত