কারাবন্দী পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন বিশ্ব ক্রিকেটের একাধিক কিংবদন্তি। ইমরান খানের সঠিক চিকিৎসা সেবা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের অধিকার নিশ্চিত করার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক।
এবার সেই দাবিতে সরাসরি সমর্থন জানিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কামিন্সই প্রথম সক্রিয় অধিনায়ক, যিনি ইমরানের জন্য সোচ্চার হলেন।
ইমরান খানের মুক্তি ও মানবিক অধিকার নিশ্চিতের জন্য শাহবাজ শরিফকে দেওয়া চিঠিটিতে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ, জন রাইট এবং নারী ক্রিকেটের অন্যতম সেরা ব্যক্তিত্ব বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল।
সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় পডকাস্ট ‘দ্য গ্রেড ক্রিকেটার’-এ অংশ নিয়ে চিঠির মূল উদ্যোগ নেওয়া গ্রেগ চ্যাপেল ৭৩ বছর বয়সী ইমরানের বর্তমান করুণ অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ছয় বছর আগে পাকিস্তানে তাঁর সঙ্গে যখন আমার দেখা হয়, তখনো তিনি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন। অথচ এখন তিনি তিন বছর ধরে নির্জন কারাবাসে আছেন। শুনেছি তাঁর ডান চোখে সমস্যা দেখা দিয়েছে, তাঁকে অন্ধকার ঘরে প্রায় বন্দী রেখে বই পড়ার অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে।” চ্যাপেল শঙ্কা প্রকাশ করে জানান, এভাবে একাকী রাখলে যেকোনো মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গ্রেগ চ্যাপেলের সেই ভিডিও শেয়ার করে প্যাট কামিন্স লিখেছেন, “গ্রেগ চ্যাপেল ও অন্য সাবেক অধিনায়কদের সাথে আমিও একাত্মতা প্রকাশ করছি। আশা করি আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা দেওয়া হবে এবং পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে। মানুষ হিসেবে প্রত্যেকের যে ন্যূনতম মর্যাদা প্রাপ্য, তাঁর সাথেও সেই মর্যাদাপূর্ণ আচরণ করা হবে বলে আশা করি।”
মতামত