মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্যক্তিগত দখলে থাকা ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১০ নম্বর হাজীপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজারসংলগ্ন বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় বিলেরপাড় এলাকায় সরকারি ২৯ শতক খাস জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে দখলমুক্ত করে জমিগুলো সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
এ সময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। জনস্বার্থে সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত