নতুন নেতৃত্বের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত,এমপি। মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে নিজের প্রথম কাজ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
রোববার (২৩ আগষ্ট) সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে যোগ দেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সভায় মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ,তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায়। মন্ত্রণালয়ে নেতৃত্বের পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন,নতুন নেতৃত্বে একটি কার্যকর টিম গড়ে তুলে কাজ এগিয়ে নেওয়া হবে।
মন্ত্রী বলেন,কাজের সুবিধার্থে পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনা রয়েছে তাঁর। মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন,ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও থাকবে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কাজ চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে শিগগিরই লিজ নেওয়া ১০টি বিমান যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে সেখানে শিগগিরই ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে নতুন ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন,আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালুর বিষয়ে তাঁরা আশাবাদী।
মতবিনিময় সভার শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মতামত