লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে তাঁর জায়গা কে নেবেন, সেটিই এখন বড় প্রশ্ন। আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি শুধু দলের অধিনায়ক ছিলেন না, গত এক যুগে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম প্রধান কারিগরও ছিলেন। তাঁর নেতৃত্বেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি। ম্যাচ ও গোল—দুই ক্ষেত্রেই দেশটির হয়ে সর্বোচ্চ রেকর্ড এখন মেসির দখলে।
তাই মেসির বিদায় মানে শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়। একই সঙ্গে একজন নেতা, সৃষ্টিশীল ফুটবলার এবং গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মতো একজন তারকাকেও হারাবে আর্জেন্টিনা। মেসির পর দলকে এই শূন্যতা কীভাবে পূরণ করতে হবে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ। আর এই বাস্তবতাই সামনে তুলে ধরেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় নিয়ে কথা বলেছেন মার্তিনেস। তিনি বলেন, ‘সে (মেসি) চলে গেলে বিশাল একটা শূন্যতা তৈরি হবে। তবে এখানে এমন কিছু ছেলে আছে, যাদের সত্যিকারের ব্যক্তিত্ব আছে।’
মার্তিনেসের কথায় আর্জেন্টিনার ভবিষ্যতের দিকটিও স্পষ্ট। মেসির মতো একজনের বিকল্প খুঁজে বের করার চেয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করা। কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই তরুণদের সুযোগ দিচ্ছেন। তাঁদের দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও ইতিবাচকভাবে দেখছেন মার্তিনেস।
তরুণ ফুটবলারদের প্রসঙ্গে মার্তিনেস বলেন, ‘সবকিছু ভালোভাবেই চলছে। আমরা এমন একটি দল, যেখানে নতুনদের খুব দ্রুত মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা অনুশীলনে খুব ভালো করছে। স্কালোনি কাউকে বিনা কারণে সুযোগ দেন না। তিনি তাদের পারফরম্যান্স দেখেন এবং ভালো করলে খেলান। এত দ্রুত এই জাতীয় দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পুরো কৃতিত্ব তাদের প্রাপ্য।’
আগামী ৭ অক্টোবর এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি। তাঁর বিদায়ের মুহূর্ত উপভোগ করতে চান মার্তিনেস, ‘আমি এর একটা অংশ এবং মঙ্গলবার আমি এটা উপভোগ করতে চাই, তাকে হাসতে দেখতে চাই। একসঙ্গে আমাদের যে অল্প সময় বাকি আছে, আমরা সেটাকে উপভোগ করার চেষ্টা করব।’
মতামত