সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারত আগ্রহী হবে না বলে মনে করেন ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। তাঁর ধারণা, বাংলাদেশ জোরালোভাবে দাবি জানালেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম।
‘ডেইলি ওয়াদা’কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীরাধা দত্ত বলেন, শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র। ভারত তাঁকে বন্ধু হিসেবে বিবেচনা করে। এ কারণে তাঁকে অন্য কোনো পক্ষের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এটি তাঁর ব্যক্তিগত বিশ্লেষণ, ভারতের আনুষ্ঠানিক অবস্থান নয় বলেও উল্লেখ করেন তিনি।
শ্রীরাধা দত্তের মতে, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘ হলে বাংলাদেশ ও ভারত উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যর্পণের প্রক্রিয়া দীর্ঘ হলেও সেটি সম্পন্ন হওয়ার পর ভারত তাঁকে হস্তান্তর করতে রাজি হবে কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের স্বার্থ জড়িত থাকলেও দ্বিপক্ষীয় সহযোগিতার অনেক ক্ষেত্র এখনো স্থবির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের উপস্থিতি এবং তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ সেই প্রত্যাশা বাড়ায়। তবে প্রস্তাবিত সফর এখনো অনিশ্চিত।
প্রত্যর্পণ চুক্তির বিষয়ে শ্রীরাধা দত্ত বলেন, বাংলাদেশ ও ভারতের চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, যার আওতায় নির্দিষ্ট পরিস্থিতিতে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা সম্ভব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি স্বাভাবিক বলেও মনে করেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট ও দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে এই অধ্যাপক বলেন, শেখ হাসিনা চাইলে নিজেই বাংলাদেশে ফিরতে পারেন। নিজের দেশে ফেরার জন্য প্রত্যর্পণ চুক্তি কিংবা পাসপোর্টের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, পাসপোর্ট নিয়ে আলোচনা মূলত রাজনৈতিক কৌশলের অংশ।
শ্রীরাধা দত্ত আরও বলেন, ভারতে অবস্থান করেও সাক্ষাৎকার, নিবন্ধ ও সমর্থকদের মাধ্যমে প্রচারিত ভিডিওর সাহায্যে শেখ হাসিনা নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছেন।
তাঁর ভাষ্য, আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের কাছে শেখ হাসিনা এখনো গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের মনোভাব ভিন্ন। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি বড় অংশের মধ্যে তাঁর প্রতি নেতিবাচক ধারণা রয়েছে।
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে জমে ওঠা রাজনৈতিক ও আর্থসামাজিক অসন্তোষ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে সহিংসতার অভিজ্ঞতা তরুণদের মনোভাব গঠনে ভূমিকা রেখেছে বলে মনে করেন শ্রীরাধা দত্ত। তাঁর মতে, এসব স্মৃতি সহজে মুছে যাওয়ার নয়।
মতামত