ঝালকাঠির নলছিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ পুড়ে ছাই হয়েছে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার রানাপাশা ইউনিয়নের জহিরুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে স্থানীয় বাপ্পি সরদারের পেট্রোল ও ডিজেল বিক্রির দোকানে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে বাপ্পি সরদারের দুটি দোকানসহ সবুজ মোল্লা, সুচন্দ্র সিকদার, সুমন সরদার ও ফারুক হাওলাদারের একটি করে মোট ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছয়টি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও অন্যান্য সম্পদ পুড়ে তাদের জীবিকার প্রধান অবলম্বনটুকুও শেষ হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, একটি পেট্রোল ও ডিজেল বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় পাশের মার্কেটের আরও অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ছয়টি দোকান পুড়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশার কথা শুনে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের এ দুর্দিনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতামত