আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরানোর পরিবেশ তৈরি করতে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ। এমন আশার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রেক্ষাপটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণ আদায়ের দাবিতে আইসিজের রায় বাংলাদেশকে শক্তিশালী আইনি ভিত্তি দিয়েছে। তবে প্রত্যাবাসন নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর। সেখানে নিরাপদ পরিবেশ তৈরি হলে তারা নিজ দেশে ফিরে নতুন করে জীবন শুরু করতে পারবে।
হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হলো দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। এ লক্ষ্য অর্জনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আঞ্চলিক অংশীদার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করবে বাংলাদেশ।
ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, শুধু দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ ক্ষেত্রে একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন ও স্বজন হারানোর বেদনা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে জীবন গড়তে সহায়তা করতে মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে রাজি করানোর চেষ্টা করবে বাংলাদেশ।
গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুললে জাতিসংঘের কাঠামোর মধ্যেই ক্ষতিপূরণ কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি নিরাপত্তা পরিষদে এলে জাতিসংঘের সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবে ঢাকা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।
আইসিজের রায়ের বিষয়ে হুমায়ুন কবির বলেন, আদালত রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করেছে। রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কয়েক দশক ধরে তাদের ওপর বৈষম্য, বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজনদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের প্রতিকার, আগের অবস্থা ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণের বিষয়ও রায়ে রয়েছে বলে জানান তিনি।
হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, আইসিজের এ রায় চূড়ান্ত এবং মামলার পক্ষগুলোর জন্য আইনত বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ মামলার পক্ষ না হলেও পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।
মামলাটি দায়ের করায় গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে ওআইসি এবং আদালতে লিখিত বিবৃতি দেওয়া ১১টি দেশকে ধন্যবাদ জানান তিনি। রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতার কথাও তুলে ধরেন।
সবশেষে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হুমায়ুন কবির। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গা এবং তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতেও উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতি আহ্বান জানান তিনি।
মতামত