মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
রাফিনিয়ার আগুনে ছন্দ, উড়ছে বার্সা

রাফিনিয়ার আগুনে ছন্দ, উড়ছে বার্সা

রাফিনিয়া দুর্দান্ত ছন্দে রয়েছেন লা লিগার নতুন মৌসুমে। বার্সেলোনা লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ গোল জিতেছে। ম্যাচে তৃতীয় গোলটি দলের হয়ে করেন রাফিনিয়া। এতে মৌসুমের প্রথম চার ম্যাচেই নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা।  ‘মুন্দো দেপোর্তিভো’ স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি শতাব্দীতে লা লিগার কোনো মৌসুমে দলের প্রথম চার ম্যাচে ছয় গোল করা মাত্র দ্বিতীয় বার্সেলোনা খেলোয়াড় রাফিনিয়া। এর আগে এই কীর্তি গড়েছিলেন মেসি; তাও দুইবার। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে দলের প্রথম চার লা লিগা ম্যাচেই ছয়টি করে গোল করেছিলেন মেসি। প্রায় এক যুগ পর সেই কীর্তিতে এবার ভাগ বসালেন রাফিনিয়া।  এলচের বিপক্ষে জোড়া গোল দিয়ে মৌসুম শুরু করেছিলেন রাফিনিয়া। এরপর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একটি গোল করার পর রায়ো ভায়েকানোর বিপক্ষে করেন আরও দুই গোল। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে প্রথম চার ম্যাচেই নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে যান তিনি। এই গোলের সুবাদে লা লিগার চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন রাফিনিয়া। তার চেয়ে এক গোল পিছিয়ে আছেন রায়ো ভায়েকানোর স্ট্রাইকার কামেয়ো। তবে মেসির কীর্তি ছোঁয়াই রাফিনিয়ার শেষ লক্ষ্য নয়। সামনে আরও বড় একটি রেকর্ডের হাতছানি রয়েছে তার। বার্সেলোনার হয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি এখন পর্যন্ত রয়েছে কেবল সেসার রদ্রিগেজ ও জালাতান ইব্রাহিমোভিচের। পরের ম্যাচে গোল করতে পারলে সেই বিশেষ তালিকায় তাদের সঙ্গে নাম লেখাবেন রাফিনিয়াও। 

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইয়ামালের খেলা নিয়ে শঙ্কা

বার্সেলোনা ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে। লামিনে ইয়ামাল শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না। রোববার স্বাভাবিকভাবেই মেস্তায়ায় হতে যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামালকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের শেষ অনুশীলনে দেখা যায়নি। তবে তাঁর অনুপস্থিতির কারণ বা কোনো নির্দিষ্ট চোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বার্সা। সোমবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ইয়ামাল। পরবর্তী ম্যাচের আগে অনুশীলনে তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। শনিবার বিকেলে দল ভ্যালেন্সিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইয়ামালের শারীরিক অবস্থা পরীক্ষা করবে ক্লাবের মেডিকেল টিম। এরপরই তাঁর খেলার সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বিশেষ এক দিনের পরই ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তার খবর পেয়েছে বার্সা। ড্রেসিংরুমের ভোটে নতুন সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সতীর্থদের ভোটেই এই দায়িত্ব পেয়েছেন তিনি। হান্সি ফ্লিকের কৌশলেও ইয়ামালের গুরুত্ব অনেক। তাঁকে না পাওয়া গেলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে হতে পারে বার্সা কোচকে। ইয়ামালকে নিয়ে শঙ্কার মধ্যেই দুটি স্বস্তির খবর পেয়েছে কাতালান ক্লাবটি। দলের সঙ্গে পুরো অনুশীলন করেছেন গাভি। মৌসুমের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর টানা দুটি ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠের নামার জন্য তাঁকে বিবেচনায় রাখছেন ফ্লিক। এদিকে আর্সেনাল থেকে গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেওয়া গ্যাব্রিয়েল জেসুসের অভিষেকের সম্ভাবনাও তৈরি হয়েছে। ম্যাচ ফিটনেস ফিরে পেতে সাম্প্রতিক সময়ে কাজ করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কাতালানদের দলে জায়গা পেতে পারেন। এলচে, অ্যাথলেটিক ক্লাব ও রায়ো ভায়েকানোর বিপক্ষে টানা তিন জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্টে মৌসুম শুরু করেছে বার্সা। শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগও রয়েছে ফ্লিকের দলের সামনে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইয়ামালের খেলা নিয়ে শঙ্কা

মেসির ছায়া সরে যেতেই পারেদেসের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর এবার লিয়ান্দ্রো পারেদেস আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। মেসির অবসরের সিদ্ধান্ত এবং  বিশ্বকাপের ফাইনালের পর পাওয়া নিষেধাজ্ঞা সব মিলিয়ে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পারেদেস স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় ফিফা তাঁকে ১০ ম্যাচের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে। ঘটনার সময় পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন। এরপর গাভিকে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি তাঁর মুখে আঘাত করতেও দেখা যায় এই তারকা ফুটবলারকে। আন্তর্জাতিক ফুটবল নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে পারেদেস বলেন, ‘আর্জেন্টিনার হয়ে আমার খেলা চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞার কারণেও, লিওর সিদ্ধান্তের কারণেও। সবকিছু আগের মতো চলতে থাকা কঠিন হবে।’ বোকা জুনিয়র্সের হয়ে খেলা পারেদেস এখনো এ বিষয়ে লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলেননি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আর্জেন্টিনার প্রধান কোচের সঙ্গে কথা বলতে চান তিনি, ‘কোচের সঙ্গে এ নিয়ে এখনো কথা বলিনি। তবে আমরা কথা বলব এবং আমি কী সিদ্ধান্ত নিই, সেটাই দেখা যাবে।’ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে সর্বস্ব উজাড় করে দেওয়ার পর তাঁর আর দেওয়ার কিছু নেই বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা এই ফুটবলার। ২০২২ কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দেশের জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। দীর্ঘদিনের সতীর্থ মেসির বিদায় পারেদেসের জন্যও বড় ধাক্কা। আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘সে যা অর্জন করেছে, কখনো হাল না ছেড়ে দেওয়া এবং স্বপ্ন পূরণের পথ যে কঠিন—স্বপ্নকে তাড়া করতে হয় এবং শেষ পর্যন্ত তা বাস্তবেও রূপ নেয়, সেটা দেখিয়ে দেওয়ার কারণে লিওর উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে।’ বিশ্বকাপের শেষ দিকে মেসির সম্ভাব্য বিদায় নিয়ে সতীর্থদের মধ্যে আলোচনা হয়েছিল বলেও জানিয়েছেন পারেদেস। তবে বিশ্বকাপের ফাইনাল মেসির শেষ ম্যাচ হতে পারে জেনেও তাঁর বিদায়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তাঁরা। এই প্রসঙ্গে পারেদেস বলেন, ‘বিশ্বকাপের শেষ কয়েক দিনে আমরা কথা বলেছিলাম যে ফাইনালটিই সম্ভবত তার শেষ ম্যাচ হবে। কিন্তু তারপরও আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমাদের কাছে সে কী অর্থ বহন করে।’

মেসির ছায়া সরে যেতেই পারেদেসের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন

নেইমারের জার্সি নেওয়াই কাল হলো ৮ বছরের শিশুর

নেইমারকে নিয়ে আলোচিত ঘটনা যেন কখনো শেষ হওয়ার নয়। কখনো তিনি কোনো ঘটনার মাধ্যমে ‘লাইমলাইটে’ আসেন, কখনোবা তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এবার হেনস্তার শিকার হয়েছে এক খুদে ভক্ত ব্রাজিলের সাবেক ফরোয়ার্ডের কাছ থেকে জার্সি নেওয়ার পর।  করিন্থিয়ান্স-সান্তোস সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় পরশু ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে মুখোমুখি হয়েছে। করিন্থিয়ান্সের এক খুদে ভক্তকে নেইমার একটি জার্সি উপহার দিয়েছেন। ৮ বছরের শিশু স্বাভাবিকভাবেই খুশি। কিন্তু সেটা আর দীর্ঘস্থায়ী হলো কই। করিন্থিয়ান্সের ভক্ত-সমর্থকেরা তাঁর ওপর চড়াও হয়েছেন। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে সেই শিশু মাঠ ছেড়েছে পুলিশের পাহারায়। এমনকি স্থানীয় কিছু সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, খুদে ভক্ত টানেল দিয়ে খেলোয়াড়দের লকার রুমে যাচ্ছিল, তখন ভক্ত-সমর্থকদের গালিগালাজ শুনেছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ছেলেটির বয়স ৮ বছর। তাকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে করিন্থিয়ান্স। ব্রাজিলিয়ান ক্লাবটি লিখেছে, ‘মাঠে এবং মাঠের বাইরে কিছু সীমা থাকে। কখনো সেই সীমা ছাড়ানো উচিত নয়। শিশুর প্রতি এমন আক্রমণাত্মক আচরণ সীমা ছাড়ানোর মতোই ঘটনা। ক্লাবের প্রতি আবেগ, প্রতিদ্বন্দ্বিতা এবং ফুটবল নিয়ে রোমাঞ্চ, উত্তেজনা কখনোই সম্মান, শিষ্টাচার ও নিরাপত্তাকে ছাপিয়ে যাওয়া উচিত নয়। বিশেষ করে যখন বিষয়টি একটি শিশুকে নিয়ে হয়, তখন সেটা নিয়ে আলোচনা হবেই।’ করিন্থিয়ান্সের সুরে সুর মিলিয়েছেন নেইমারও। ৮ বছরের শিশুকে হেনস্তার ঘটনা দেখে তাঁর খুব খারাপ লেগেছে। করিন্থিয়ান্সের বিপক্ষে পরশু ১-০ গোলে জয়ের পর সাংবাদিকদের ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড বলেন, ‘একটা শিশু ভিন্ন দলের কোনো খেলোয়াড়কে পছন্দ করতেই পারে। তার সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। সে কোনো ভুল করেনি।’ করিন্থিয়ান্সের বিপক্ষে পরশু সান্তোসের একমাত্র গোলটি ৩৩ মিনিটে করেন সান্তোস মিডফিল্ডার ক্রিশ্চিয়ান সিলভা। ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সান্তোস অবস্থান করছে ১৪ নম্বরে। জিতেছে ৭ ম্যাচ। নেইমারের দল ড্র করেছে ৮ ম্যাচ ও ৯ ম্যাচ হেরেছে। করিন্থিয়ান্স ২৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে পালমেইরাস। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই নেইমারের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক শেষ হয়ে গেছে। ১৩০ ম্যাচে ৮০ গোল করে সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। অ্যাসিস্ট করেছেন ৫৯ গোলে। নরওয়ের কাছে শেষ ষোলোতে ২-১ গোলে হারের ম্যাচটাই আন্তর্জাতিক ফুটবলে নেইমারের শেষ ম্যাচ হয়ে থাকল। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করলেও কেবল হারের ব্যবধানটাই কমাতে পেরেছিলেন তিনি।

নেইমারের জার্সি নেওয়াই কাল হলো ৮ বছরের শিশুর

চেলসি থেকে ম্যানসিটি, রেকর্ড দামে এনসো ফের্নান্দেস

এনসো ফের্নান্দেসের চেলসির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে গেল। তবে ইংল্যান্ডের ফুটবল ছাড়ছেন না। ইংল্যান্ডের আরেক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটিতে নাম লেখালেন। সিটিজেনদের সঙ্গে তাঁর চুক্তিটা ২০৩১ সাল পর্যন্ত। গতকাল রাতে ম্যানচেস্টার সিটি ফের্নান্দেসের সঙ্গে তাঁর ছয় বছরের চুক্তির বিষয় নিশ্চিত করেছে। তবে সিটি চুক্তির অঙ্কটা নিশ্চিত করেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, তাঁকে ১৪৫ মিলিয়ন ইউরো দেবে ম্যান সিটি। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬১ কোটি ১৮ লাখ টাকা। সিটিতে যোগ দিতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ফের্নান্দেস। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটির ওয়েবসাইটে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।প্রত্যেক খেলোয়াড়ই এমন একটি ক্লাবের অংশ হতে চায়। কারণ, সবাই জানে সিটি কতটা ভালোভাবে পরিচালিত হয়।’ ম্যানচেস্টার সিটি নিজেদের ইতিহাসে ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে। যার মধ্যে ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪—এই চারবার টানা জিতেছে ইংল্যান্ডের সর্বোচ্চ ঘরোয়া পর্যায়ের এই টুর্নামেন্ট। নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতে ২০২৩ সালে। সেবার চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি প্রিমিয়ার লিগ, এফএ কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবলও জিতেছিল সিটি। ইউরোপের অন্যতম সফল এই ক্লাবটির হয়েও শিরোপা জিততে উন্মুখ হয়ে আছেন ফের্নান্দেস। আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘এখানে যোগ দিতে পেরে আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না। সিটিকে আরও শিরোপা জিততে সাহায্য করার চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত। এই ক্লাবই সাফল্যের জন্য তৈরি।’ এর আগে বেনফিকা থেকে ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসিতে এসেছিলেন ফের্নান্দেস। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৫২১ কোটি টাকা। তিন বছরের ক্যারিয়ারে চেলসির হয়ে সব ধরনের প্রতিযোগতা মিলে ১৭০ ম্যাচ খেলে ৩১ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৩০ গোলে। উয়েফা কনফারেন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপও জেতেন ব্লুজদের জার্সিতে। সম্প্রতি চেলসির সঙ্গে সম্পর্কের অবনতি হয় ফের্নান্দেসের। আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোলের পর টোপো গিগিও উদযাপন করেছিলেন। চেলসি সামাজিক মাধ্যমে ফের্নান্দেসের এই উদযাপনের ছবি পোস্ট করার পর ডিলিট করতে বাধ্য হয়েছিল । কারণ, এই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়ে উঠেছিল ফাইনালে। যদিও স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ফের্নান্দেসকে লক্ষ্য করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঘটনা উস্কে দিয়েছিলেন। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড নাম লেখালেন ম্যান সিটিতে।

চেলসি থেকে ম্যানসিটি, রেকর্ড দামে এনসো ফের্নান্দেস

শেফিল্ডে হামজার প্রত্যাবর্তন, প্রথম রাতেই রুদ্ধশ্বাস জয়

শেফিল্ড ইউনাইটেডের এখন হামজা চৌধুরী। এই ক্লাবটির হয়ে যে একেবারে তিনি নতুন, তা নয়। এর আগে ধারেও খেলেছেন। এবার তিনি স্থায়ীভাবে ফিরলেন শেফিল্ডে। বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ফেরার রাতেই রুদ্ধশ্বাস জয়ের স্বাক্ষী হলেন। গতকাল রাতে বোল্টনের বিপক্ষে ব্রামাল লেনে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে শেফিল্ড ইউনাইটেড। ফেরার রাতেই হামজা প্রথম একাদশে সুযোগ পেলেন। শেফিল্ড-বোল্টন ম্যাচ একটা পর্যায়ে ড্র হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। শেফিল্ড তখনই চমক দেখায়। দলটির মিডফিল্ডার রোমেলে ডোনোভান ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে জয়সূচক গোল করেন। তাঁকে অ্যাসিস্ট করেন ক্যালভিন ফিলিপস। শেষ মুহূর্তে ফিলিপস-ডোনোভান জুটির ঝলকে ৩-২ গোলে জয় পায় শেফিল্ড। শেফিল্ডে ফেরার রাতে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত খেলেছেন হামজা। বোল্টনের বিপক্ষে রোমাঞ্চকর জয়টা তিনি দারুণভাবে অনুভব করতে পেরেছেন। ম্যাচ শেষে শেফিল্ড সামাজিক মাধ্যমে হামজাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করে। ভিডিও বার্তায় বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘ব্রামাল লেনে ফিরে ভালো লাগছে। প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিলাম। শুরুটা ভালো হয়নি। তবে সতীর্থরা দারুণভাবে ম্যাচে ফিরেছে। এভাবে ম্যাচ জেতা আসলেই বড় সাফল্য। স্টেডিয়ামটি দারুণ। দর্শকেরাও অসাধারণ।’ শেফিল্ড-বোল্টন ম্যাচটা অনেকের চোখে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ের মতোই। হামজার প্রতিপক্ষ ছিলেন বোল্টনের লঙ্কান বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার জাভিয়ের সিমন্স। বোল্টন-শেফিল্ড লড়াইটাও হয়েছে সমানে সমানে। ১ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় বোল্টন। ফিরতে বেশি সময় লাগেনি শেফিল্ডের। ৪ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ডিফেন্ডার জ্যাফেত তানগাঙ্গা। প্রথমার্ধে শেফিল্ড-বোল্টন ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও জমে ওঠে লড়াই। ৬৭ মিনিটে স্যাম ডালবি গোল করে এগিয়ে নেন বোল্টনকে। ঠিক তার পরের মিনিটেই (৬৮ মিনিট) সমতাসূচক গোল করেন শেফিল্ড স্ট্রাইকার প্যাট্রিক ব্যামফোর্ড। শেষে ডোনোভানের গোলে জয় নিশ্চিত করে শেফিল্ড। ৪ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ৯ নম্বরে শেফিল্ড। সবার ওপরে থাকা সোয়ানসির পয়েন্ট ১০। চার ম্যাচে জিতেছে তিন ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। এর আগে লেস্টার সিটিতে ২০১৫ থেকে ২০২৬ পর্যন্ত ১১ বছর খেলেছেন হামজা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১৬৬ ম্যাচে করেছেন ৩ গোল। অ্যাসিস্ট করেছেন চার গোলে। সে সময় ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন। এবার স্থায়ীভাবে ফিরলেন শেফিল্ডে।

শেফিল্ডে হামজার প্রত্যাবর্তন, প্রথম রাতেই রুদ্ধশ্বাস জয়

আর্জেন্টিনার জার্সিতে মেসির সেরা ১০ মুহূর্ত

লিওনেল মেসি ও আর্জেন্টিনা—দুটি নাম যেন একই গল্পের অংশ। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যর্থতা, সমালোচনা আর কান্না পেরিয়ে দেশের জার্সিতে প্রায় সব বড় অর্জনই ছুঁয়েছেন ফুটবলের এই মহাতারকা।২০০৪ সালে প্যারাগুয়ের বিপক্ষে অনূর্ধ্ব-২০ ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে পথচলা শুরু মেসির। এক বছর পর হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলে অভিষেক। ২০০৬ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন প্রথম আন্তর্জাতিক গোল।এরপর আসে কঠিন সময়। ২০১১ কোপা আমেরিকায় ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েন তিনি। ২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে ৪-৩ জয়ের ম্যাচে করেন দুর্দান্ত হ্যাটট্রিক। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও জার্মানির কাছে হেরে শিরোপা হারান। তবে জেতেন গোল্ডেন বল।২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। কিন্তু ভক্তদের ভালোবাসায় ফিরে আসেন মাঠে। আর এরপরই বদলে যায় গল্প।২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে জেতেন প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা—কোপা আমেরিকা। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে পূর্ণ করেন বিশ্বজয়ের স্বপ্ন। ফাইনালে করেন জোড়া গোল।২০২৪ কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেও আর্জেন্টিনা জেতে শিরোপা।আর ২০২৬ বিশ্বকাপেও ৩৯ বছর বয়সে খেলেছেন প্রতিটি ম্যাচ। করেছেন ৮ গোল। বিশ্বকাপে তাঁর মোট গোল এখন ২১টি—যা তাঁকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।ব্যর্থতা থেকে বিশ্বজয়—আর্জেন্টিনার জার্সিতে মেসির গল্প তাই শুধু সাফল্যের নয়, লড়াই আর ফিরে আসারও এক অনন্য গল্প।

আর্জেন্টিনার জার্সিতে মেসির সেরা ১০ মুহূর্ত

বিশ্বকাপের সেই এমবাপ্পে, এবার রিয়ালের জার্সিতে হ্যাটট্রিক

বিশ্বকাপের ফর্মটাই কিলিয়ান এমবাপ্পে টেনে এনেছেন রিয়াল মাদ্রিদের হয়েও। নতুন মৌসুমে স্প্যানিশ ক্লাবের হয়েই করে ফেললেন হ্যাটট্রিক। রিয়াল কোচ জোসে মরিনিও চান, এমবাপ্পে যেন তাঁর ক্ষুধার্ত মনোভাব ধরে রাখেন ক্লাবের জার্সিতেও।এমবাপ্পে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট করে রেকর্ড বই ওলট পালট করে দেন। গতকাল রিয়াল মাদ্রিদ জিতেছে ৪-১ গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর হ্যাটট্রিকে লা লিগায় রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে। এমবাপ্পের প্রশংসা করতে গিয়ে মরিনিও তাঁর বিশ্বকাপের পারফরম্যান্সের কথাও উল্লেখ করেছেন। সোসিয়াদাদকে হারানোর পর রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘সে একজন ঐতিহাসিক খেলোয়াড়। বিশ্বকাপে তার রেকর্ড চিরকাল অমলিন থাকবে। রিয়াল মাদ্রিদেও ইতিহাস গড়তে সে ভীষণ ক্ষুধার্ত।’এমবাপ্পে গতকাল রিয়াল মাদ্রিদের তিন ফুটবলারের অবদানে যে তিনটি গোল করেছেন। ৪০ মিনিটে এমবাপ্পে ফেদেরিকো ভালভের্দের পাস রিসিভ করে বক্সের ভেতর থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এমবাপ্পে আরও বেশি ক্ষুধার্ত হয়ে ওঠেন। ফরাসি ফরোয়ার্ড ৬০ মিনিটে গোল করেন জুড বেলিংহামের অ্যাসিস্টে। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পাস রিসিভ করে ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।মরিনিও শিষ্যদের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে বারবার এমবাপ্পের কথাই বলেছেন। ৪-১ গোলে জয়ের পর রিয়াল কোচ বলেন, ‘খেলায় সে খুবই সক্রিয় থাকে। আপনি যখন এমন মানের (এলিট) খেলোয়াড়দের কোচিং করান, তখন তাদের কী করতে হবে, সেটা শেখানোর প্রয়োজন হয় না। পুরো দলকে একটি ইউনিট হিসেবে কোচিং করাতে হবে আপনাকে।’২০২৬ ফুটবল বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটের পুরস্কার জেতেন এমবাপ্পে। গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেন তিনি। ২২ গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন ফরাসি ফরোয়ার্ড। গতকাল রাতে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে হ্যাটট্রিক করা এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ মরিনিও বলেন, ‘সে শুধু একজন গোলদাতা নয়। পুরো দলকে সুযোগ তৈরি করে দিতে অপেক্ষা করবে এবং তারপর শুধু গোল করবে—বিষয়টা এমনও নয়।’টানা দুইবার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে। ২০২২ ফুটবল বিশ্বকাপে করেছিলেন ৮ গোল। যার মধ্যে ছিল ফাইনালে হ্যাটট্রিকও। সেবার ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা ৩৬ বছর পর জিতেছিল বিশ্বকাপ। আর সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে এমবাপ্পের দল হয়েছে চতুর্থ।রিয়াল মাদ্রিদের হয়েও এমবাপ্পের সময়টা দারুণ যাচ্ছে। দুই বছরে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০৫ ম্যাচে ৮৯ গোল করেছেন। অ্যাসিস্ট রয়েছে ১২ গোলে। তবে ২০২৪-২৫, ২০২৫-২৬—তিনি আসার পর এই দুই মৌসুমে রিয়াল কোনো শিরোপাই জিততে পারেনি। সদ্য শুরু হওয়া ২০২৬-২৭ মৌসুমে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই ও তিনে থাকা রিয়াল বেতিস ও সেভিয়ারও পয়েন্ট ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে সবার ওপরে মরিনিওর রিয়াল।

বিশ্বকাপের সেই এমবাপ্পে, এবার রিয়ালের জার্সিতে হ্যাটট্রিক

কার ভাগ্যে কোন প্রতিপক্ষ, জানা যাবে আজ

এরই মধ্যে শুরু হয়ে গেছে ২০২৬-২৭ ফুটবল মৌসুম। পুরো দমে প্রিমিয়ার লিগ, লা লিগা চলছে। চ্যাম্পিয়নস লিগেরও দামামা বেজে উঠল বলে। গত রাতে বাছাইপর্বের সবশেষ ধাপ প্লে-অফ শেষ হওয়ার পর ঠিক হয়েছে ৩৬ দল। লিগ পর্বে কোন দল কাকে পাচ্ছে আজ জানা যাবে। মোনাকোর গ্রিমালদি ফোরামে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় হবে ২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগের ড্র। প্রত্যেক দল আট দলের বিপক্ষে লিগ পর্বে খেলবে। ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে প্রতিপক্ষ। উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে ৩৬ দলকে। ইংল্যান্ড: আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, লিভারপুল স্পেন: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, রিয়াল বেতিস ইতালি: ইন্টার মিলান, নাপোলি, রোমা, কোমো জার্মানি: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট ফ্রান্স: পিএসজি, লাঁস, লিল পর্তুগাল: পোর্তো, স্পোর্তিং সিপি নেদারল্যান্ডস: পিএসভি, ফেইনুর্ড বেলজিয়াম: ব্রুগা তুরস্ক: গালাতাসারাই ইউক্রেন: শাখতার দোনেৎস্ক চেক প্রজাতন্ত্র: স্লাভিয়া প্রাগ আজারবাইজান: সাবাহ নরওয়ে: বোদো/গ্লিমট, ভাইকিং এফকে তুরস্ক: ফেনারবাচে অস্ট্রিয়া: লাস্ক গ্রিস: এইকে এথেন্স স্লোভাকিয়া: স্লোভান ব্রাতিস্লাভা ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ সবার আগে হয়েছে ২০২৪-২৫ মৌসুমে। পরের মৌসুমেও (২০২৫-২৬) খেলেছে ৩৬ দল। এই দুইবারই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

কার ভাগ্যে কোন প্রতিপক্ষ, জানা যাবে আজ

পিএফএর বর্ষসেরা ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ

প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) প্রথমবারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ব্রুনো ফার্নান্দেজ। সহকর্মী ফুটবলারদের ভোটে ২০২৫/২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার। তাঁর হাতে মঙ্গলবার রাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফার্নান্দেজ গত মৌসুমে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে সহায়তার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ২১টি গোলে সহায়তা করেন। পাশাপাশি ইউনাইটেডের হয়ে করেন ৯ গোল। মাইকেল ক্যারিকের অধীনে দলের ঘুরে দাঁড়ানোর অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। ইউনাইটেড প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে তাঁর পারফরম্যান্সে। ফার্নান্দেজ এর আগে রেকর্ড পঞ্চমবারের মতো জিতেছেন ক্লাবের স্যার ম্যাট বাসবি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। গত মে মাসে তাঁকে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত করা হয়। এবার ২০১০ সালে ওয়েন রুনির পর প্রথম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ফার্নান্দেজ। ১৯৭৩-৭৪ মৌসুমের পর চালু হওয়া এই পুরস্কারটি পিএফএর সদস্যদের ভোটে দেওয়া হয়। ফার্নান্দেজের আগে ইউনাইটেডের হয়ে গ্যারি প্যালিস্টার, এরিক ক্যান্টোনা, রয় কিন, টেডি শেরিংহাম, রুড ভান নিস্টেলরয়, রায়ান গিগস ও ওয়েন রুনি একবার করে এই স্বীকৃতি পেয়েছেন। মার্ক হিউজ ও ক্রিস্টিয়ানো রোনালদো দুবার করে পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। বর্ষসেরার দৌড়ে ফার্নান্দেজের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন আর্সেনালের ডেভিড রায়া, গ্যাব্রিয়েল ও ডেকলান রাইস এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও রায়ান শেরকি। পুরস্কার জয়ের পর ফার্নান্দেজ বলেন, ‘প্রতি সপ্তাহে যাঁদের বিপক্ষে মাঠে নামি, তাঁদের ভোটে এই পুরস্কার জেতা আমাকে ভীষণ গর্বিত করেছে। তাঁরা আমার বিপক্ষে খেলেছেন, আমি কী করতে পারি তা তাঁরা দেখেছেন। তাঁদের ভোটে নির্বাচিত হওয়ায় আমি সত্যিই কৃতজ্ঞ।’ ক্লাবের হয়ে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্ব তুলে ধরে ফার্নান্দেজ বলেন, ‘এই ধরনের পুরস্কারে ক্লাবের নাম দেখতে পাওয়া সবসময়ই ভালো লাগে। আর ক্লাবের সমর্থন ও পেছনে থাকা শক্তির কারণেই খেলোয়াড়েরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

পিএফএর বর্ষসেরা ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ

বাফুফেকে একগুচ্ছ শর্ত দিয়েছে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ঢাকায় বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখিয়েছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর জামাল ভুঁইয়াদের বিপক্ষে খেলতে আগ্রহী সেলেসাওরা। তবে বেশ কিছু শর্ত  তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে। শুধু বিমানভাড়া নয়, বাংলাদেশে অবস্থানের সময় ব্রাজিল দলের থাকা-খাওয়া ও যাতায়াতের খরচও বহন করতে হবে বাফুফেকে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যয়। এমনকি ঢাকা থেকে ব্রাজিল ফিরে যাওয়ার ক্ষেত্রেও পুরো দলের বিমানভাড়ার একটি অংশ বহনের শর্ত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত তাদের যাত্রার খরচ বহন করতে হবে বাংলাদেশকে। তবে ব্রাজিলকে ম্যাচ ফি বা কমার্শিয়াল কোনো অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে পুরো আয়োজনের মোট ব্যয় কত দাঁড়াবে, সেটিও এখনো চূড়ান্ত নয়।

বাফুফেকে একগুচ্ছ শর্ত দিয়েছে ব্রাজিল

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তেকে রাখার পরিকল্পনা স্পেনের

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ শিরোপা জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF)। ২০২৮ সাল পর্যন্ত তাঁর বর্তমান চুক্তি থাকলেও তা বাড়িয়ে ২০৩০ সালে মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত তাঁকে বহাল রাখতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। লা ফুয়েন্তের সঙ্গে স্পেনের বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পরই তাঁর মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আরএফইএফ সভাপতি রাফায়েল লুসান জানিয়েছেন, দে লা ফুয়েন্তের কাজের স্বীকৃতি হিসেবেই তাঁকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখতে চায় ফেডারেশন। রেডিও নাসিওনাল দে এস্পানিয়া (আরএনই)-কে তিনি বলেন, ‘আমি মনে করি, লুইস এটা প্রাপ্য এবং আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখনই আমরা এ নিয়ে কাজ করব, আসলে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তাঁর চুক্তি বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত আছে। সেটি ২০৩০ সাল পর্যন্ত বা তার কাছাকাছি সময় পর্যন্ত বাড়াতে চাই আমরা। কারণ, এই প্রকল্পের অংশ তাঁকে হতেই হবে।’ দে লা ফুয়েন্তের নেতৃত্বের প্রশংসা করে লুসান আরও বলেন, ‘তাঁর সরলতা ও কাজ করার সক্ষমতাই এই সাফল্য এনে দিয়েছে। অবশ্যই এর সঙ্গে ছিল এই স্প্যানিশ জাতীয় দলের অসাধারণ একদল খেলোয়াড়, যাদের আমরা কখনো ভুলব না।’ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে আয়োজনের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে আরএফইএফ। শিরোপা নির্ধারণী ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে বেশ আশাবাদী লুসান, ‘এটা মেনে নেওয়া কঠিন হবে যে ওই মহান বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে না।’ বিশ্বকাপ জয়ের পর এখন শিরোপা ধরে রাখার নতুন অভিযানে নামতে হবে স্পেনকে। লা ফুয়েন্তেকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখলে দলটির কৌশলগত ধারাবাহিকতা বজায় থাকবে। একই সঙ্গে তাঁর অধীনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় দলে গড়ে তোলার কাজও এগিয়ে নেওয়া সম্ভব হবে। সামনের মাসেই লা ফুয়েন্তের দলের সামনে রয়েছে বড় পরীক্ষা। উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপ জয়ের পর নতুন চক্রের শুরুতেই তাই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে লা ফুয়েন্তের দলকে।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তেকে রাখার পরিকল্পনা স্পেনের

আলভারেজকে নিয়ে বৈঠকে বসছে বার্সেলোনা

নতুন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনা করছে বার্সেলোনা। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তাকে দলে টানতে আগের প্রস্তাবের চেয়ে আরও বেশি অর্থ খরচ করতে প্রস্তুত কাতালান ক্লাবটি।স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, চলতি সপ্তাহে আলভারেজের এজেন্টরা বার্সেলোনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা হবে। এর আগে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও এবার সেটি ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে বার্সেলোনা। তবে ক্লাবের দাবি, অ্যাতলেতিকো মাদ্রিদ আলোচনায় আগ্রহ দেখালেই কেবল নতুন প্রস্তাব নিয়ে এগোনো হবে।তবে এখন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটি কোনো আলোচনায় আগ্রহ দেখায়নি। আগ্রহী যে কোনো ক্লাবকে তারা শুধু আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। এই কঠোর অবস্থানের কারণেই বার্সেলোনার পরিকল্পনা বারবার বাধার মুখে পড়ছে।

আলভারেজকে নিয়ে বৈঠকে বসছে বার্সেলোনা

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাইল্যান্ডে ফুটবলারের মৃত্যু

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ফুটবলার। আকস্মিক এ ঘটনায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আরও অন্তত ১২ জন খেলোয়াড় আহত হন। ঘটনাটি ঘটে সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থানীয় গোলক এফএ কাপ টুর্নামেন্টের একটি ম্যাচে।৫ আগস্ট স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিনের মধ্যকার ম্যাচ চলাকালে প্রবল মৌসুমি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র আলোর ঝলকানি ও বিকট শব্দের পর কয়েকজন খেলোয়াড়কে মাঠে লুটিয়ে পড়তে দেখা যায়। বজ্রপাতে স্যামকোল্টসের ২৪ বছর বয়সী উইঙ্গার সফওয়ান আওয়ায়ে গুরুতর দগ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।ঘটনার পরপরই স্যামকোল্টসের সতীর্থরা আওয়ায়েকে বাঁচাতে ছুটে যান। তাকে চিত করে শুইয়ে দিয়ে বুকে চাপ দিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার প্রাণপণ চেষ্টা চালান তারা। স্থানীয় পুলিশ প্রধান থুন সিরিখুন্তের বরাতে মালয়েশিয়ান সংবাদ সংস্থা বারনামা জানায়, জরুরি চিকিৎসাসেবা দল আওয়ায়েকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন।আওয়ায়েকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছে, ‘আমাদের নতুন খেলোয়াড় সফওয়ান আওয়ায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ পুলিশ জানিয়েছে, আহত সবাইকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। থাইল্যান্ডে বজ্রপাতে প্রাণহানির ঘটনা নতুন কিছু নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যানুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সারা দেশে অন্তত ২৮৩ জন বজ্রপাতের শিকার হয়েছেন, যাদের একটি বড় অংশই ঘটনাস্থলে মারা যান।

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাইল্যান্ডে ফুটবলারের মৃত্যু

চার বছর পর মাঠে আফগান নারী ফুটবলাররা

দেশে খেলার অধিকার হারিয়ে নির্বাসিত জীবন কাটাতে হয়েছিল আফগানিস্তানের নারী ফুটবলারদের। তবে ফিফার স্বীকৃতির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারা আবারও আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচ শুধু ফুটবল নয়, ছিল সাহস, পরিচয় ও অস্তিত্বের লড়াইয়ের প্রতীক। জাতীয় সংগীতের সুরে আবেগাপ্লুত খেলোয়াড়রা মাঠে নেমেছেন আফগান নারীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে।২৩ সদস্যের এই দলটি গঠিত হয়েছে বর্তমানে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আফগান নারী ফুটবলারদের নিয়ে। তারা নিউজিল্যান্ডে প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন এবং কুক আইল্যান্ডসের বিপক্ষে দুটি অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ খেলেন।এটাই প্রথমবার, যখন চলতি বছরের এপ্রিলে ফিফা তাদের ভবিষ্যতে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দেওয়ার পর পুরো দল একত্রিত হয়েছে।২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, অধিকাংশ পেশা এবং সংগঠিত খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। ফলে ২০০৭ সালে গঠিত আফগানিস্তান নারী ফুটবল দল কার্যত ভেঙে যায়। অনেক খেলোয়াড় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন।দীর্ঘদিনের প্রচারণার পর 'আফগান উইমেন ইউনাইটেড' নামে শরণার্থী দল গঠনের অনুমোদন দেয় ফিফা। এখন এই দলটি ভবিষ্যতে বিশ্বকাপ ও অলিম্পিকের বাছাইপর্বেও অংশ নেওয়ার সুযোগ পাবে।দলের সদস্য মনোজ নুরি বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন। কাবুলে বড় হওয়ার সময় ছেলেদের সঙ্গে ফুটবল খেলতেন তিনি। পরিবারের বিরোধিতার কারণে পরিচয় গোপন রাখতে মুখ ঢেকে খেলতেন। পরে জাতীয় পর্যায়ে একের পর এক শিরোপা জিতলেও পরিবারের চাপে কিছুদিন ফুটবল ছাড়তে হয়েছিল।তালেবান ক্ষমতায় ফেরার সময় দেশ ছাড়ার আগে নিজের জেতা পদক ও ট্রফিগুলো বাড়ির বাগানে পুঁতে রেখে যান নুরি। এখনো সেগুলো সেখানেই আছে।নুরির ভাষায়, "একদিন দেশে ফিরে সেগুলো আবার তুলে আনব।"দলের আরেক সদস্য মুরসাল সাদাত বলেন, "আমি যদি ফুটবলার না হতাম, তাহলে হয়তো এখনো আফগানিস্তানেই থাকতাম। লাখো মেয়ের মতো পড়াশোনা বা নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ পেতাম না।"ইংল্যান্ডে বসবাসকারী ডিফেন্ডার নাজমা আরেফিও বলেন, আফগানিস্তানে মেয়েদের সবচেয়ে খারাপ সময়ে অনুশীলনের সময় দেওয়া হতো। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমেও তাদের অনুশীলন করতে হয়েছে। তবু তারা হাল ছাড়েননি।কুক আইল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ এবং দ্বিতীয় ম্যাচে ৩-০ ব্যবধানে হারলেও ফলাফল নিয়ে হতাশ নন আফগান নারী ফুটবলাররা।তাদের কাছে এই দুই ম্যাচ শুধু দুটি প্রীতি ম্যাচ নয়; বরং নির্বাসন, বিচ্ছিন্নতা ও দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রতীক।ফিফার স্বীকৃতিকে তারা দেখছেন নতুন এক শুরুর সুযোগ হিসেবে। ভবিষ্যতে বিশ্বকাপ ও অলিম্পিকে আফগানিস্তানের জার্সি গায়ে মাঠে নামাই এখন তাদের সবচেয়ে বড় স্বপ্ন।সূত্র: বিবিসি

চার বছর পর মাঠে আফগান নারী ফুটবলাররা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream