রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ও ক্রাইম সিন ইউনিট দ্রুত ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে পৌঁছে ফাঁসে ঝুলন্ত অবস্থায় মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে ফ্ল্যাটের আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, নৈতিক স্খলনের দায়ে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সম্প্রতি বহিষ্কৃত হন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু সংবেদনশীল ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়। এরই জের ধরে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
মতামত